সিরাজগঞ্জে দুইপক্ষের সংঘের্ষ নিহত ১
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সৌর বিদ্যুতের সংযোগ দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরাঞ্চল হাট ঘোরজান গ্রামে এ সংঘর্ষে নিহত আকবর আলী (৪০) ওই গ্রামের কেরামত আলী মীরের ছেলে।
আহতদের মধ্যে দুজনকে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চৌহালী থানার ওসি শামসুল হক জানান, সৌর বিদ্যুতের সংযোগ দেয়া-নেয়াকে কেন্দ্র করে ওই চরের আকবর আলী ও আব্দুস সালামের মধ্যে বিরোধ চলছিল। ঘটনাটি মীমাংসায় মঙ্গলবার সন্ধ্যায় সাবেক ইউপি মেম্বার রমজান আলী সালিশি বৈঠক ডাকেন। বৈঠকে আসার পর উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আকবর আলী গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ সময় সেখান থেকে ওই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে স্বপন মিয়া (২২) ও আব্দুস সালাম ব্যাপারীর ছেলে বাদশা মিয়াকে (২৪)আটক করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম ওরফে রানী বাদী হয়ে মামলা করেছেন।
