‘ভ্যালেন্টাইনস ডে’তে নারী জাগরণের ডাক
বিশ্বের বিভিন্ন দেশে নারী-পুরুষের ‘প্রণয়’ প্রকাশের দিবস হিসেবে পরিচিত ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’তে পারিবারিক সহিংসতাকে না বলতে লাল রংয়ের পোশাক পরে সবাইকে রাস্তায় নামতে আহ্বান জানানো হয়েছে।
‘উদ্যমে উত্তরণে শতকোটি’ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায়।
নারীর প্রতি সহিংসতা রোধে বিশ্বব্যাপী ‘ওয়ান বিলিয়ন রাইজিং ফর জাস্টিস’র প্রচারাভিযানকে বাংলাদেশে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’, বাংলাদেশ নাম দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’র সমন্বয়ক খুশি কবিরসহ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জাহানারা নুরী বলেন, বাংলাদেশে নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদ জানাতে ১৪ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে নারীরা জেগে উঠবেন। একই সময় দেশের ৬৪টি জেলায় সম্মিলিতভাবে এ কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, “সুপ্রিম কোর্টের সামনে কেন্দ্রীয় এ জাগরণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এ জাগরণ অনুষ্ঠিত হবে। আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এ জাগরণে অংশ নিতে ও সংহতি প্রকাশ করার আহ্বান জানাই।
“আমরা চাই সবাই লাল রঙয়ের পোশাক পরে এ প্রতিবাদে অংশ নিক এবং প্রতিটা বাড়ি, কর্মস্থল ও অন্যান্য স্থাপনায় লাল কাপড় উত্তোলন করা হোক।”
গত বছর দেশে তিনশ’র মতো সংগঠনের উদ্যোগে প্রায় ৩০ লাখ নারী-পুরুষ এইদিনে রাস্তায় নেমেছিল বলে জানান আয়োজকরা।
এ ধরনের অবিচারের ক্ষেত্রে ন্যায়বিচারের প্রত্যাশায় ওবিআর ঘোষণা পাঠ করা হবে বলে জানান তিনি। এছাড়া বিশ্বের অন্যান্য স্থানের প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠানের আগে ও পরে ‘ফ্ল্যাশ মব’ আয়োজন করা হবে।
খুশি কবির বলেন, নারীর বিরুদ্ধে চলমান সহিংসতার প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হবে। ১৪ ফেব্রুয়ারি এই প্রতিবাদের উদ্দেশ্য হচ্ছে- দিবসটির বাণিজ্যিকীকৃত অবস্থার পরিবর্তন আনা, নারীকে সম্মানিত ও ভালোবাসার মানুষ হিসাবে প্রতিষ্ঠা করা।
এই নারী নেত্রী বলেন, “আমরা চাই, সবাই এই দিনে প্রতিজ্ঞা করুক, তাদের ভালোবাসার নারীদের ফুল দিবে না, বরং তারা এটাও নিশ্চিত করবে যেন এই নারীরা কোনো সহিংসতার শিকার না হয়। এ ধরনের অপরাধের শাস্তি থেকে রেহাই পাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দক্ষিণ এশীয় নারীবাদী সংগঠন সাংঘাতের কোর কমিটির সদস্য ফৌজিয়া খন্দকার, অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি ফারাহ কবির, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক চন্দ্রা ত্রিপুরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের দাবি, ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণজমায়েত।
জাতিসংঘের হিসাব মতে, সারা পৃথিবীতে প্রতি তিন জনের একজন নারী তার জীবনকালে ধর্ষণ বা শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকেন। পৃথিবীর ৭০০ কোটি মানুষের মধ্যে সে হিসাবে নির্যাতিত নারীর সংখ্যা শত কোটি ছাড়িয়ে যায়।
এই পরিসংখ্যান পাওয়ার পর ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম বিশ্বব্যাপী ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ শুরু হয়।
