২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি করে মামলায় হাবিব-বাবুর জামিন

ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে একটি করে মামলায় জামিন দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 10:21 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

তবে তাদের বিরুদ্ধে আরো একাধিক মামলা থাকায় কারাগার থেকে এখনই মুক্তি পাচ্ছেন না বিএনপির সহযোগী দুই সংগঠনের শীর্ষ পর্যায়ের এই দুই নেতা।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক শাহবাগ ও মতিঝিল থানার পৃথক দুটি মামলায় হাবিব ও বাবুর জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে মতিঝিল, সবুজবাগ, পল্টন ও নিউ মার্কেট থানার মামলাসহ অন্য ১০টি মামলায় ছাত্রদল নেতা হাবিবের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

আর মিরপুর, পল্টন ও মতিঝিল থানার তিন মামলায় খারিজ হয় বাবুর জামিন আবেদন।

গত ১৭ নভেম্বর রাজধানীর শান্তিনগর এলাকা থেকে হাবিবকে গ্রেপ্তার করে পুলিশ। তার চারদিন আগে ১৩ নভেম্বর বাংলামোটর থেকে মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন স্বেচ্ছাসেবক দল নেতা বাবু।