‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে না এনে মজুরি বাড়িয়ে লাভ নেই’
বাড়ি ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে না পারলে শ্রমিকদের মজুরি বাড়িয়ে লাভ হবে না বলে মনে করেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তৈরি পোশাক শিল্প শ্রমিকদের নিয়ে এক তথ্যচিত্রের ‘প্রিমিয়ার শোতে’ তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির এই নেতা বলেন, “মালিক ছাড়া শ্রমিক চলবে না, আবার শ্রমিক ছাড়া মালিক অচল। আমরা দুই পক্ষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে চাই।”
বাড়ি ভাড়ার ‘অস্বাভাবিক’ ও ‘লাগামহীন’ বৃদ্ধি রোধে নিজেই একটি আইনের প্রস্তাব তৈরি করছেন বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, “আমি বাড়ি ভাড়া নিয়ে আইন করতে সরকারকে একটি প্রস্তাব দেব।”
ফৌজদারী আইনে মামলা করার সুযোগ রেখে বাড়ি ‘ভাড়া নিয়ন্ত্রণ আইন’ করার পক্ষেও মত দেন তিনি।
১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের লিখিত আদেশ ছাড়া অন্য কোনোভাবেই বাড়ি মালিক তার ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম বাবদ এক মাসের বাড়ি ভাড়ার বেশি জামানত নিতে পারবে না। বাড়ি ভাড়ার রসিদ দিতে হবে এবং এলাকাভিত্তিক নির্ধারিত ভাড়া কার্যকর করার পর দুই বছর তা আর বাড়ানো যাবে না।
ঢাকা মহানগরীকে দশটি রাজস্ব অঞ্চলে ভাগ করে ক্যাটেগরিভিত্তিক সম্ভাব্য বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে ওই আইনে। প্রথমবার এ নিয়ম ভাঙলে আদায় করা বাড়তি টাকার দ্বিগুণ অর্থদণ্ড দিতে হবে বাড়ির মালিককে। পরেরবার একই অপরাধে অর্থদণ্ড হবে তিনগুণ।
পাঁচ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি ধরে গত ডিসেম্বরে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ করে সরকার যা নিয়ে শ্রমিকদের একটি অংশের আপত্তি ছিল।
তাদের বক্তব্য ছিল, গত কয়েক বছরে বাড়িভাড়া ও বাজারদর যে হারে বেড়েছে তাতে ন্যূনতম মজুরি অন্তত আট হাজার টাকা করা উচিৎ।
অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা ও ফায়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিক মুহাম্মদ মোফাজ্জলের নির্দেশনায় পোশাকশিল্পের ওপর নির্মিত তথ্যচিত্র ‘প্রাইস ট্যাগ-ই সব নয়’ শীর্ষক তথ্যচিত্রটি দেখানো হয়।
