২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গুলি করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

নাটোর শহরে এক ব্যবসায়ীকে গুলি করে সোয়া দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 07:49 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী আওয়াল হোসেনকে ( ৪৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহরের হরিশপুর এলাকায় মঙ্গলবার দুপুরে এক ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নাটোর সদর থানার ওসি আসলাম উদ্দিন জানান, বেলা ১টার দিকে নাটোর ইসলামী ব্যাংক থেকে দুই লাখ ২৫ হাজার টাকা তুলে ব্যবসায়ী ইয়াছিন আলী ( ৩৮) ও আওয়াল হোসেন ( ৪৫) মোটরসাইকেলে হয়বতপুরে বাড়ির দিকে যাচ্ছিলেন।

পথে দত্তপাড়ার কাছে ফাঁকা জায়গায় দুই ছিনতাইকারী মোটরসাইকেলে তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আওয়াল হোসেনের বুকে গুলিবিদ্ধ হয় এবং দুজনই মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।

এ সময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা দুই লাখ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফজলুল হক জানান, স্থানীয় লোকজনের সহায়তায় গুলিবিদ্ধ ব্যবসায়ী আওয়াল ও তার সঙ্গী ইয়াছিন আলীকে চিকিৎসার জন্য প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

সেখানে অবস্থার অবনতি হলে আওয়াল হোসেনকে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই দুই ব্যবসায়ীর বাড়ি নাটোর সদরের হয়বতপুর গ্রামে বলে তিনি জানান।