২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে একজন খুন

জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পিতা নিহত এবং পুত্র গুরুতর আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 05:08 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার কোচাশহর ইউনিয়নের তারাগোনা গ্রামে এ হামলায় নিহত হন বাবলু শেখ (৫৫)। আহত বাবুল শেখের ছেলে অহেদুল ইসলামকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ উপজেলার কোচাশহর গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল মিয়া (৩২) ও রাসেল মিয়া (২৮) নামের দুইজনকে আটক করেছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম জানান, তারাগোনা গ্রামের বাবলু শেখের সঙ্গে পার্শ্ববর্তী শাহাপুর (কোচাশহর বাজার) গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল মিয়ার জমি নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলছিল।

এর জের ধরে সকালে রুবেল তার ছোট ভাই রাসেলকে সঙ্গে নিয়ে বাবলুর বাড়িতে আসে। ওইসময় বাড়ি উঠোনে বাবলুকে একা পেয়ে তারা ছুরি দিয়ে উপর্যপুরী আঘাত করতে শুরু করে।

এ সময় তার ছেলে অহেদুল এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে।

তিনি বলেন, তাদের আর্তচিৎকারে এলাকাবাসী রুবেল ও রাসেলকে আটক করে ও বাবা-ছেলেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হাসপাতালে নেয়ার পথে বাবলু মিয়া মারা যান।

লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।