চট্টগ্রামে সিএনজি চালকের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার নয়াদেশপুর ইউনিয়ন থেকে সোমবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে।
ওই যুবকের নাম মো. মহিউদ্দিন (২৮)। তিনি ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের জাকির হোসেনের ছেলে। পুলিশের ধারণা নিহত মহিউদ্দিন সিএনজি অটোরিকশা চালক।
রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নয়াদেশপুর ইউনিয়নের একটি বিল থেকে মহিউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি অটোরিকশাও উদ্ধার করেছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা।
নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি প্রদীপ।
