ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৪০ কর্মী গ্রেপ্তার
সহিংসতার অভিযোগে ঝিনাইদহ থেকে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বিএনপি ও তাদের শরিক জামায়াতের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, সোমবার রাতে ঝিনাইদহ সদর, শৈলকূপা ও কোটচাঁদপুর উপজেলায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে ২৬ জন সদরের, ১০ জন শৈলকূপার এবং বাকি চার জন কোটচাঁদপুরের বিএনপি, জামায়াত ও শিবিরের কর্মী।
অতিরিক্ত পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে সহিংসতার অভিযোগ রয়েছে।
