চট্টগ্রামে ১৩ দিনের বইমেলা শুরু
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে ১৩ দিনের ‘একুশে বইমেলা’।
সোমবার বিকালে নগরীর মুসলিম হল প্রাঙ্গনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) আয়োজনে এ মেলার উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মনজুর বলেন, “নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানাতে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বই মেলার আয়োজন করা হয়েছে।”
অনুষ্ঠানের শেষদিকে মেয়র বলাকা প্রকাশনী থেকে প্রকাশিত ‘পার্বত্য চট্টগ্রাম ও চাকমা জাতি’ এবং ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহর’ শিরোনামের দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
সিসিসি’র সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ অহমদ ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দীন শাহ আলম নিপু।
এবারের বই মেলায় বলাকা, শৈলী, চিরসবুজ, মনন, কথন, কালধারা, অ্যার্ডন, সাহিত্য বিচিত্রাসহ ২০ টি প্রকাশনা সংস্থার স্টল রয়েছে।
এছাড়া মেলায় রয়েছে সিসিসি’র নিজস্ব পাবলিক লাইব্রেরিতে থাকা দুলর্ভ কিছু প্রাচীন বই নিয়ে একটি প্রদর্শনী স্টল।
মেলা প্রাঙ্গণের মঞ্চে সোমবার থেকে ২২ ফেব্র“য়ারি পর্যন্ত প্রতিদিন সভা, আবৃত্তি, গান, নাটক ও কবিগানের আয়োজন করা হয়েছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
বইমেলা উদ্বোধনের আগে মুসলিম হল প্রাঙ্গন থেকে করপোরেশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ওয়ার্ড কাউন্সিলর ও সিসিসি’র কর্মকর্তাদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়।
