চাঁদপুরে ৫ উপজেলায় বিএনপি জোটের একক প্রার্থী
চাঁদপুরের পাঁচটি উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল সমর্থিত একক প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি মমিনুল হক।
তালিকায় সদরে দেওয়ান মো. শফিকুজ্জামান, ফরিদগঞ্জে শরীফ মো. ইউনুস, মতলব দক্ষিণে মো. আবদুস শুক্কুর পাটোয়ারী, মতলব উত্তরে নুরুল হক সরকার এবং হাইমচরে হারুন-অর-রশিদের নাম রাখা হয়।
ভাইস চেয়ারম্যান পদে সদরে খলিলুর রহমান গাজী, মতলব উত্তরে মনজুরুল আলম স্বপন ও মতলব দক্ষিণে শাহজাহান মো. মল্লিককে রাখা হয়।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাখা হয় চাঁদপুর সদরে অ্যাডভোকেট মনিরা চৌধুরী, ফরিদগঞ্জে রেবেকা সুলতানা স্মৃতি, হাইমচরে মাকসুদা বেগম, মতলব উত্তরে নীলুফা আক্তার ও মতলব দক্ষিণে রেহানা আক্তার রানু।
মমিনুল হক জানান, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলায় এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়নি। তবে, নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই তা জানানো হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী প্রমুখ।
