২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আয়ার অস্ত্রোপচারে’ গৃহবধূর মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে ব্যবস্থাপক ও আয়ার অস্ত্রোপচারে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

নাটোর প্রতিনিধি

আবুল বাসার সাজ্জাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 07:19 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

শনিবার রাতে গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারের ছায়াপথ ক্লিনিকে পাবনার আটঘরিয়া উপজেলার দুর্গাপুর গ্রামের দিনমজুর রঞ্জু মিয়ার স্ত্রী ফরিদা বেগমের (১৮) অ্যাপেনডিক্স অপারেশন করা হয়। রোববার সকালে ফরিদার মৃত্যু হয়।

এ ব্যাপারে নাটোরের সিভিল সার্জন রকিবুল ইসলাম বলেন, “এ ব্যাপারে কেউ আমার কাছে অভিযোগ করেনি। আমি ঘটনাটি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,  ফরিদার স্বামী রঞ্জু মিয়া ও এলাকার লোকজন জানান, শনিবার বিকালে ফরিদা বেগমকে অ্যাপেনডিক্স অপারেশনের জন্য ছায়াপথ ক্লিনিকে ভর্তি করা হয়।

ওইরাতে ক্লিনিকের ব্যবস্থাপক তুহিন হোসেন (৩৬) নিজেকে চিকিৎসক এবং আয়া শাহারা বেগম নিজেকে নার্স পরিচয় দিয়ে ওই রোগীর অস্ত্রোপোচার  করেন।

অস্ত্রোপোচার শেষে রোগী যন্ত্রণায় ছটফট করতে থাকেন এবং সেলাইয়ের স্থান দিয়ে রক্ত ঝরতে থাকে।

রোববার সকালে ওই রোগী যন্ত্রণায় চিৎকার করতে থাকলে আয়া শাহারা বেগম তাকে চড় থাপ্পড়ও মারেন। বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

তারা আরো জানান, ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিকের কাজকর্ম বন্ধ করে দেয়।

এ নিয়ে রোববার রাত ১০টা পর্যন্ত ওই ক্লিনিকে দফায় দফায় সালিশ বৈঠক হয় ক্লিনিক মালিকের সঙ্গে রোগীর স্বজনদের। এক পর্যায়ে রোগীর স্বজনদের নগদ ৭০ হাজার টাকা দিয়ে আপোষরফা হয় এবং লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

একদিন বন্ধ থাকার পর সোমবার দুপুর থেকে ক্লিনিকটি আবার চালু করা হয়েছে। তবে, ব্যবস্থাপক তুহিন হোসেন ও আয়া শাহারা বেগম আত্মগোপন করেছেন।

সোমবার দুপুরে সেখানে গিয়ে কয়েকজন আয়াকে দেখা গেলেও কোনো চিকিৎসক বা মালিকের দেখা মেলেনি। এ ব্যাপারে কেউ কথা বলতে রাজি হননি।

ফরিদার স্বামী রঞ্জু মিয়া বলেন, “ছয়মাস আগে ফরিদার সঙ্গে আমার বিয়ে হয়েছে। পেটের ব্যাথার চিকিৎসার জন্য ওকে (ফরিদা) এই ক্লিনিকে আনছিলাম। লোকজনের চাপাচাপিতে ৭০ হাজার টাকা নিয়ে আপোষ করিছি।”

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, কোনো ডাক্তার ছাড়াই ক্লিনিক ম্যানেজার নিজেই অস্ত্রোপোচার করার ফলে রোগীর মৃত্যু হয়ছে। আবার রাতে টাকা দিয়ে বিষয়টি মীমাংসাও হয়েছে।

ক্লিনিকের ব্যবস্থাপক তুহিন হোসেন মোবাইল ফোনে ৭০ হাজার টাকায় আপোষরফার কথা স্বীকার করলেও নিজে অস্ত্রোপোচার করেননি বলে জানান।

বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, রঞ্জু মিয়া রোববার সন্ধ্যায় থানায় মামলা করতে এলে একটি মোবাইলে একটি ফোন পান। এরপর তিনি মামলা না করেই ফিরে যান।

“পরে টাকার বিনিময়ে আপোষ হয়েছে বলে শুনেছি,” বলেন ওসি ইব্রাহিম।