অধ্যাপক রঙ্গলাল সেন আর নেই
বিশিষ্ট সমাজবিজ্ঞানী, জাতীয় অধ্যাপক ড. রঙ্গলাল সেন আর নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক আশরাফ আলী খান জানান, সোমবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিক্ষাবিদ।
রঙ্গলাল সেন কিডনি রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক অধ্যাপকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রতিমন্ত্রী এম এ মান্নান গভীর শোক প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অধ্যাপক রঙ্গলালের মরদেহ কলাভবন প্রাঙ্গণে রাখা হবে।
১৯৩৩ সালের ২৪ সেপ্টেম্বর সিলেটের মৌলভীবাজারে রঙ্গলাল সেনের জন্ম।দারিদ্র্যের কারণে তার শিক্ষাজীবন হুমকির মুখে পড়লেও ১৯৬২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও এবং পরের বছর স্নাতকোত্তর পাস করেন।
সমাজ বিজ্ঞান বিভাগে তিনিই ছিলেন প্রথম ছাত্র যিনি এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।
স্নাতকোত্তর শেষ করে ১৯৬৪ সালে সমাজবিজ্ঞানের শিক্ষক হিসাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) যোগ দিলেও পরের বছর নিজের বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে ফেরেন।
ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে পিএইচডি ডিগ্রি পান এই সমাজবিজ্ঞানী।
সেই সময়ই ‘পলিটিক্যাল এলিটস ইন বাংলাদেশ’ শিরোনামে তার পিএইচডি অভিসন্দর্ভটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়।
দীর্ঘ ৩৭ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে বিভিন্ন পদে অধ্যাপনার পর ২০০২ সালে অবসরে যান রঙ্গলাল। তবে পরে আরো পাঁচ বছর দিনি খণ্ডকালীন শিক্ষক হিসাবে কাজ করেন একই বিভাগে।
২০১১ সালে আরো চারজনের সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক ঘোষণা করে সরকার।
তার মৃত্যুতে এক শোক বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষককে হারালো, যার স্থান সহজে পূরণ হওয়ার নয়।”
তিনি প্রয়াত এই অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
কেবল শিক্ষকতাই নয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূচনাকালে সমাজবিজ্ঞানের পাঠ্যসূচি প্রণয়নের কাজেও অংশ নিয়েছেন রঙ্গলাল সেন।
বাংলাদেশ সমাজ বিজ্ঞান সমিতির এই প্রতিষ্ঠাতা সভাপতি বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ ইতিহাস পরিষদেও বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন। বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
বাংলা ও ইংরেজি ভাষায় ড. রঙ্গলালের লেখা, অনূদিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ২৩।
তার স্ত্রী কমলা সেন প্রায় বিশ বছর ঢাকার উদয়ন বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাদের এক ছেলে ও দুই মেয়ে।
