ফেনীর গহনা ডাকাতদের গ্রেপ্তার দাবি
ফেনীতে গহনার দোকানে ডাকাতিতে জড়িতদের খুঁজে বের করার দাবিতে শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করেছে জুয়েলারিসহ সকল ব্যবসায়ী সমিতি।
এ কারণে সোমবার দুপুরে শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান দুই ঘণ্টা বন্ধ রাখা হয়।
শহরের ট্রাংক রোডের প্রেস ক্লাবের সামনে শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হারুনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান।
এ সময়ের মধ্যে ‘প্রকৃত’ অপরাধীদের গ্রেপ্তার করতে না পারলে আগামীতে বৃহত্তর আন্দেলনের কর্মসূচী দেওয়া হবে বলে জানান তারা।
এছাড়া সভায় আগামী ৬ দিন জেলার ৩৬০টি গহনার দোকানে (জুয়েলার্স) কালো পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই দাবিতে শহরের কলেজ রোড থেকে একাডেমি পর্যন্ত ব্যবসায়ী কল্যাণ সমিতিও তাদের সকল ধরনের ব্যবসা বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, ফেনী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সহসভাপতি আবদুল আউয়াল সবুজ, শহর ব্যবসায়ী সমতিরি সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।
এর আগে সকালে ফেনী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
গত শনিবার সন্ধ্যায় শহরের ট্রাংক রোডের খাজা আহম্মদ সড়কে আবেদীন জুয়েলার্সে শতাধিক সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ডাকাতি করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় দোকানের স্বত্বাধকারী রিফাত আবেদীন রোমেল ফেনী মডেল থানায় অজ্ঞাত পরিচয় ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ৩১২ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে উল্লেখ করা হয়, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকা।
ইতোমধ্যে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একটি মাইক্রো বাস, একটি পিস্তল, ১২টি হাতবোমা, চাপাতি ও মুখোশসহ একজনকে আটক করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও দায়ের করা হয়।
