২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী বেশে বাড়িতে, পরে সঙ্গীদের নিয়ে ডাকাতি

কুমিল্লার লাকসামে এক বাড়িতে গৃহকর্মীর কাজ নিয়ে ঢোকার এক সপ্তাহের মধ্যে অন্য সঙ্গীদের নিয়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছেন এক নারী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 11:46 PM

Updated : 22 Aug 2022, 05:40 PM

রোববার রাত ৮টার দিকে উপজেলা শহরের মধ্য লাকসামে প্রবাসী জাকির হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

ডাকাতিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ডা. পেয়ার আহমেদের স্ত্রী গৃহকর্ত্রী রৌশন আহমেদ (৫৫) ও তার ছেলেবউ নাসিমা শাহরিন সীমা (২৫)।

ডাকাতির খবর শুনে এলাকাবাসী এসে রেশমা বেগমকে (৩০) আটক করে। তবে সঙ্গী তিন পুরুষ পালিয়ে যায়।

রেশমা ওই বাড়িতে এক সপ্তাহ আগে গৃহকর্মীর কাজ নিয়েছিল। দুদিন আগে বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নেন।

এরপর স্বামী জহির এবং অন্য দুজনকে নিয়ে এই বাড়িতে ডাকাতি করতে আসার কথা রেশমা স্বীকার করেছে বলে ওসি মনোয়ার জানিয়েছেন।

তিনি বলেন, রেশমা এলে ওই বাড়ির বাসিন্দারা দরজা খুলে দেয়। তখন রেশমার সঙ্গে আরো তিনজন ঢুকে মালামাল লুটপাটের চেষ্টা চালায়।

“এ সময় গৃহকর্ত্রী চিৎকার দিলে ডাকাত দল দুই মহিলাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।”

আহত গৃহকর্ত্রী ও তার ছেলেবউকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক রেশমার বাড়ি কুমিল্লা সদর উপজেলার সাতরা এলাকায়।