দিনাজপুরে গুলি করে টাকা ছিনতাই
দিনাজপুর শহরে ফাঁকা গুলি ছুঁড়ে এক ব্যবসায়ীর সাড়ে ছয় লাখ টাকা ছিনতাই করেছে দুবৃত্তরা।
রোববার বিকাল ৩টায় পুলহাট এলাকায়িএ ছিনতাই হয় বলে পুলিশ জানিয়েছে।
ছিনতাইয়ের ঘটনার শিকার হন সদর উপজেলার চেরাডাঙ্গী এলাকার চাল কল ব্যবসায়ী আব্দুস সালাম।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
তবে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী পুলিশকে কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।
এ ব্যাপারে ব্যবসায়ী আব্দুস সালাম জানান, তিনি আইনজীবীর সঙ্গে কথা বলে থানায় মামলা করবেন।
তিনি বলেন, বেলা ৩টায় শহরের ন্যাশনাল ব্যাংক থেকে সাড়ে ছয় লাখ টাকা তুলে চালকলে ফিরছিলেন তিনি।
এ সময় একটি মোটরসাইকেল করে দুজন ছিনতাইকারী পুলহাট এলাকায় তার গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
কিন্তু টাকার ব্যাগটি তিনি ছেড়ে না দেয়ায় তারা রিভলবার বের করে এক রাউন্ড ফাঁকা গুলি করে।এতে আতঙ্কিত হয়ে তিনি ব্যাগটি ছেড়ে দিলে ছিনতাইকারীরা সেটি নিয়ে দ্রুত চলে যায়।
