যুগান্তরের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মামলা
দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করেছে বসুন্ধরা গ্রুপ।
রোববার বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক মো. বেলায়েত হোসেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তসরুজ্জামানের আদালতে এ মামলা করেন।
মামলায় পত্রিকাটির প্রকাশক নুরুল ইসলাম বাবুল ও সম্পাদক সালমা ইসলামসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে গত বছরের ২৮ ও ২৯ অক্টোবর থেকে এখন পর্যন্ত বিভিন্ন মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়।
মামলার আবেদনে বলা হয়, গত বছরের ২৮ অক্টোবর নুরুল ইসলাম বাবুল, সালমা ইসলাম ও তাদের ছেলে মো. শামীম ইসলামের মালিকানাধীন দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠার চার নম্বর কলামে ‘বসুন্ধরা হাতিয়ে নিয়েছে ৫০ হাজার কোটি টাকার সম্পত্তি: মন্ত্রী, সচিবের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ: দ্রুত তদন্তের দাবি করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা’ শিরোনামে একটি মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করে দেশের জনগণ ও সুশীল সমাজের নিকট বাদির সম্মানহানি করা হয়েছে।
“একইভাবে গত বছরের ২৯ অক্টোবর একই পত্রিকায় একই বিষয়ে ওইরূপ মিথ্যা, বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ‘ড্যাপ, উপকমিটির জালিয়াতির ঘটনায় তোলপাড় ও বিস্ময়’ শিরোনামে আরও একটি মানহানিকর ও মিথ্যা অভিযোগ প্রচার করা হয়।”
মামলায় মোট চারজনকে সাক্ষী করা হয়েছে।
রাজধানীর ভাটারা থানাকে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেন বিচারক।
