২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ধর্মঘটের ডাক

সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নতুন বিভাগ চালু করে অন্যান্য বিভাগের তুলনায় তিনগুণেরও বেশি টিউশন ফি নির্ধারণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 07:59 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোটের পক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার বলেন, সদ্য চালু হওয়া টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগে ‘অতিরিক্ত টিউশন ফি’সহ অন্যান্য বিভাগে বর্ধিত সব ফি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে।

একই দাবিতে ধর্মঘটের আগের দিন সোমবার ক্যাম্পাসে মশাল মিছিল করারও ঘোষণা দিয়েছে তারা।

ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মারুফ বিল্লাহ তন্ময় বলেন, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগে ২০১৩-১৪ সেশনে প্রথমবারের মতো স্নাতক কোর্স চালু করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যান্য বিভাগে স্নাতকে চার বছরে ৩০ থেকে ৪০ হাজার টাকা লাগে। অথচ নতুন এই বিভাগে শিক্ষার্থীদের কাছ থেকে মোট এক লাখ ৩৭ হাজার টাকা আদায় করা হবে।

‘এত বড় অংকের অর্থ নেয়া বিশ্ববিদ্যালয়ের নীতিবিরুদ্ধ’ বলে মন্তব্য করেন ছাত্রফ্রন্ট সভাপতি রাশেদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “অতিরিক্ত এই ফি কমানোর জন্য ওই বিভাগের চেয়ারম্যানের সঙ্গে দেখা এবং উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েও কোনো ইতিবাচক সাড়া না পাইনি। তাই আমরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।”

স্নাতকোত্তর কোর্স চালুর মধ্য দিয়ে ২০১২ সালে যাত্রা শুরু করে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ। এবারই প্রথম ৩০টি আসন নিয়ে স্নাতক কোর্স চালু করা হচ্ছে।

তবে এই বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে আলাদা কোনো পরীক্ষা নেয়া হয়নি। মানবিকের ‘খ’ ইউনিট ও সমন্বিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকা স্থান পাওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। ওই দুটি ইউনিটের অন্য সব বিভাগে পড়তে কয়েক হাজার টাকা দিতে হলেও এই বিভাগে পড়তে তাদের তিনগুণেরও বেশি ব্যয় করতে হবে।

এ বিষয়ে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “বিভাগটি অন্যান্য বিভাগের চেয়ে একটু ভিন্ন। এখানে অনেক ব্যবহারিক ক্লাস করতে হয়, এজন্য ল্যাবের প্রয়োজন। আর ল্যাব করতে অনেক টাকার প্রয়োজন হয়।”

কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই বিভাগের মতো করে পড়ানো হলে সাত থেকে আট লাখ টাকার প্রয়োজন হবে বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের এই সদস্য বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো পরিস্থিতি তৈরি করতেই হয়তো এই আন্দোলনের ডাক দেয়া হয়েছে।”

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স চালু ও ফি বাড়ানোর প্রতিবাদে কয়েকটি ছাত্র সংগঠন আন্দোলনে নামলে কয়েক হাজার শিক্ষার্থী তাতে যোগ দেন। আন্দোলনের এক পর্যায়ে গত ২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় ছাত্রলীগরা নেতাকর্মীরাও আন্দোলনরতদের ওপর হামলা চালায়, যাতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়।

ছাত্রজোটের সংবাদ সম্মেলনে ছাত্র অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের সভাপতি মারুফ বিল্লাহ তন্ময়, ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রহুল আমিন, ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।