রাবি ছাত্রলীগ নেতা দেলোয়ার ১০ দিনের রিমান্ডে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ডিলসকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শারমিন সুলতানা তাকে রিমান্ডে নেয়ার আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ারকে দুটি মামলায় দুই দিন করে এবং অন্য দুটি মামলায় তিনদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলার সময় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছাত্রলীগ নেতাদের গুলি ছুড়তে দেখা যায়। পুলিশ চড়াও হওয়ার পাশাপাশি ছাত্রলীগের হামলায় অন্তত ৩০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় বিস্ফোরক ও ভাংচুরের অভিযোগে দুটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর পুলিশের ওপর হামলা, কাজে বাধা দেয়া ও বিস্ফোরক আইনে অন্য দুই মামলা করে পুলিশ। এসব মামলায় ১০৫ জনের নাম উল্লেখসহ মোট ৪৭৫ জনকে আসামি করা হয়।
পরিদর্শক আলমগীর জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা বিস্ফোরক মামলায় দুই দিন, ভাংচুরের মামলায় তিন দিন এবং পুলিশের ওপর হামলায় তিন দিন ও বিস্ফোরক মামলায় দুই দিন করে হেফাজতে নিয়ে দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি বিকেলে নগরীর কোর্ট এলাকার ভেড়িপাড়া থেকে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশ।
