২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফের মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণে: চিকিৎসক

যুদ্ধাপরাধের মামলায় কারাবন্দি থাকা অবস্থায় মারা যাওয়া এ কে এম ইউসুফের লাশের ময়নাতদন্ত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 04:52 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

‘রাজাকার প্রতিষ্ঠাতা’ ইউসুফের হৃদরোগে মৃত্যু

রোববার সন্ধ্যায় ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম শফিউজ্জামান বলেন, “তার (ইউসুফ) মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, সাধারণত স্ট্রোকের ক্ষেত্রে তা হয়ে থাকে।”

কারাবন্দি এই জামায়াত নেতার দেহের ভেতরে-বাইরে কোনো ধরনের আঘাতের চিহ্ন ছিল না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ময়নাতদন্তকারী এই চিকিৎসক।

পরবর্তীতে ভিসেরা পরীক্ষার জন্য মৃতদেহ থেকে নমুনা রেখে দেয়া হয়েছে বলে তিনি জানান।

ইউসুফ ছিলেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। ওই কারাগারের উপকারারক্ষক আবিদ আলী ঢাকা মেডিকেলে থেকে ময়নাতদন্তের পর লাশ স্বজনের কাছে হস্তান্তর করেন।

ইউসুফের ছেলে মাহবুব রহমান সাংবাদিকদের বলেন, লাশ তারা প্রথমে রাজধানীর ধানমণ্ডির বাড়িতে নেবেন। সেখানে নেয়ার পর পরবর্তী সিদ্ধান্ত হবে।

৮৭ বছর বয়সী ইউসুফ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেলা ১১টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে নেয়ার কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তিযুদ্ধের সময় এদেশে পাকিস্তানিদের গঠন করা কথিত মালেক সরকারের মন্ত্রিসভার সদস্য ইউসুফ এক সময় জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বও পালন করেছেন। তিনি এখন জামায়াতের নায়েবে আমিরের দায়িত্বে ছিলেন।

মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই তার লাশ চেয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন ইউসুফের আইনজীবীরা। তবে নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

আদালতের আদেশে বলা হয়, “ইউসুফ গ্রেপ্তার হওয়ার পর কারা কর্তৃপক্ষের হেফাজতে ছিলেন। কাস্টডিতে থাকা অবস্থায় কী কারণে তার মৃত্যু হল, তা ট্রাইব্যুনালেরও জানা প্রয়োজন।”

ইউসুফ হৃদরোগ ও বার্ধ্যক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন বলে তার আইনজীবী তাজুল ইসলাম জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া জানান, ‘হার্ট অ্যাটাকের’ পর ইউসুফকে হাসপাতালে আনা হয়েছিল।

ইউসুফের মৃত্যুর পর তার জামাতা আব্দুল ওহাব হাসপাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার শ্বশুর যথাযথ চিকিৎসা পাননি।

এই অভিযোগ নাকচ করে হাসপাতালের পরিচালক মজিদ ভূঁইয়া বলেন, “একজন হার্ট অ্যাটাকের রোগীকে হাসপাতালে আনার পর যা যা করা দরকার তার সবকিছুই করা হয়েছিল।”

ইউসুফের আইনজীবীরাও ময়নাতদন্ত ছাড়া লাশ নেয়ার আবেদন জানিয়ে আদালতে বলেছিলেন, একে ‘ন্যাচারাল ডেথ’ হিসেবে দেখছেন তারা।

একাত্তরে হত্যা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ১৩টি অভিযোগে গত বছর ১ অগাস্ট ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এ মামলার কার্যক্রম ইতোমধ্যে অনেকটা এগিয়েছিল। ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন রেখেছিলেন বিচারক।

গতবছর ১২ মে প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিনই তাকে ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগ, একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীকে হত্যা-লুণ্ঠনে সহায়তা দেয়ার জন্য গঠিত সশস্ত্র বাহিনীর ‘রাজাকার’ নামটি ইউসুফই চালু করেন এবং খুলনা অঞ্চলের শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের নেতৃত্ব দেন।

ইউসুফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইউসুফের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, পরামর্শ ও প্ররোচনায় একাত্তরে খুলনার বিভিন্ন এলাকায় গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী নানা অপরাধ সংঘটিত হয়।

দেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে ইউসুফের যাবজ্জীবন কারাদণ্ড হলেও আইনটি বাতিল হলে তিনি ছাড়া পান।