২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে গয়নার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

ফেনীতে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে গয়নার দোকানে ডাকাতির ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 03:24 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে শনিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মোহাম্মদ মাসুদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল, দুটি চাপাতি ও ১৪টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলেও তিনি জানান।

শনিবার সন্ধ্যায় শহরের বড় বাজারে আবেদীন জুয়েলার্সে ডাকাতি হয়। এরপর রাতেই দোকান মালিকের ছেলে রোমেল বাদি হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল জানান, ঘটনা তদন্তে চট্রগ্রাম থেকে সিআইডির পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। দোকানের ক্লোজড সার্কিট ক্যামেরা পরীক্ষা করে আসামি সনাক্তের কাজও শুরু করা হয়েছে।

এদিকে জুয়েলার্সে ডাকাতির প্রতিবাদে ধর্মঘট করছে জেলা জুয়েলারি সমিতি।

ধর্মঘটের সমর্থনে রোববার সকালে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ব্যবসায়ীরা। একইসঙ্গে লুট হওয়া স্বর্ণ উদ্ধারে তিন দিনের সময় বেঁধে দিয়েছে তারা।

ফেনী জেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ জানান, ধর্মঘটে জেলা জুয়েলারি মালিক সমিতির আওতাভুক্ত ৩৬০টি স্বর্ণের দোকান বন্ধ রয়েছে। দুপুরে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণ উদ্ধারের জন্য পুলিশকে তিন দিনের আল্টিমেটাম দেয়া হয়।

আগামী সাত দিন সব জুয়েলারি দোকানে কালো পতাকা উত্তোলন করা হবে বলেও জানান তিনি।

গত সন্ধ্যায় শহরের বড় বাজারের খাজা আহম্মদ সড়কের বৃহত্তম গয়নার দোকান আবেদীন জুয়েলার্সে শতাধিক সাউন্ড গ্রেনেড ফাটিয়ে অন্তত সাতশ’ ভরি স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে দশটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।