২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শুধু উলফাই নয়'

চট্টগ্রাম বন্দর দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র নেয়ার পরিকল্পনার সঙ্গে উত্তরপূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামই শুধু জড়িত ছিল না বলে প্রতিবেশি দেশটির গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 08:38 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

ভারতের গোয়েন্দারা বলছেন, ২০০৪ সালের এপ্রিলের ওই ঘটনায় নাগাল্যান্ড রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যাণ্ডেরও (এনএসসিএন) সম্পৃক্ততা ছিল।

২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিঘাটে খালাসের সময় আটক ওই অস্ত্রের চালান তদারকিতে আগের মাসের শেষদিক থেকে হোটেল গোল্ডেন ইনে ছিলেন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া। সে সময় তার সঙ্গে এনএসসিএনের সামরিক শাখার শীর্ষ নেতা অ্যান্থনি নিখাং শিমরাইও ছিলেন বলে ভারতের গোয়েন্দারা জানিয়েছেন।

শিমরাই থাই মধ্যস্থতাকারীদের সহায়তায় চীনের নরিনকো অর্ডন্যান্স কোম্পানির কাছ থেকে এ অস্ত্র আনার চুক্তি চূড়ান্ত করেছিলেন বলে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) এক শীর্ষ কর্মকর্তা জানান।

নাগা বিদ্রোহী নেতা শিমরাই বর্তমানে এনআইএর হেফাজতে রয়েছেন।

অস্ত্রের চালান নিয়ে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, “এ বিষয়ে পরেশ বড়ুয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। কারণ নাগা বিদ্রোহীদের চেয়ে তার সঙ্গেই বাংলাদেশের ভালো যোগাযোগ ছিল। তবে দক্ষিণপূর্ব এশিয়া ও চীনের সঙ্গে নাগাদের সম্পর্কই ভালো।”

মধ্যরাতে ওই সব অস্ত্র ধরা পড়ার পর বড়ুয়ার সঙ্গে চট্টগ্রাম থেকে সটকে পড়েন শিমরাই।

ভারতের গোয়েন্দারা জানান, এনএসসিএন ও উলফা পুরো চালানটি আনার ব্যবস্থা করে।

“নিরাপদ জায়গায় সম্ভবত পার্বত্য চট্টগ্রামের কোনো একটি জায়গায় নিতে পারলে অস্ত্রগুলো ভাগ করে নিতো তারা,” বলেন ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার ওই কর্মকর্তা।

শিমরাইয়ের কাছ থেকে পাওয়া এসব তথ্য বাংলাদেশের কর্মকর্তাদের অবহিত করা হবে জানিয়ে তিনি বলেন, “তাদের সব তথ্য সরবরাহের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কারণ পুরো ষড়যন্ত্র উদঘাটনে আমাদের মতো তারাও আন্তরিক।”

নেপালের কাঠমাণ্ডুতে গ্রেপ্তারের পর অস্ত্র চোরাচালানের মামলায় বিচারের মুখোমুখি করতে ২০১০ সালে শিমরাইকে ভারতে নেয়া হয়।