২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পিঠা উৎসব

গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে ফেনীতে দিনব্যাপী হয়ে গেল পিঠা উৎসব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 05:40 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার সকালে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ডি এ বিলকিস আরা মঈন।

উৎসবে জিয়া সরকারি মহিলা কলেজ ছাড়াও ফেনী সরকারি কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের তৈরি পিঠা নিয়ে অন্তত ২১টি স্টল ছিল।

‘শীতের হিডা কি হওয়াদ’ ‘কত রঙ্গের হিডারে’, ‘নানীর হাতের পিঠা’ ইত্যাদি বৈচিত্র্যময় নামের স্টলগুলো নজর কাড়ে দর্শনার্থী, ছাত্রছাত্রী ও অভিভাবকদের।

উৎসবে অংশগ্রহণকারী কলেজছাত্রী চুমকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো রাত ধরে আমি, আন্টি, বোন এবং পাশের বাসার আন্টিদের নিয়ে পিঠা বানিয়েছি।”

শিক্ষার্থীদের তৈরি পুলি, ভাঁপা, পাটি সাপটা, চিতই, নকশি, ম্যারা, লবঙ্গ লতিকা, সুজির বরফি, ঝিনুকসহ প্রায় পঞ্চাশ রকমেরও বেশি পিঠার পসরা ছিল উৎসবের স্টলগুলোতে।

উৎসবে আসা কলেজ ছাত্রী শাকিরা বলেন, “কিছু পিঠা আমি আগে খেলেও নাম জানতাম না। উৎসবে এসে পিঠাগুলোর নাম জেনেছি।”

পিঠা উৎসবের সঙ্গে কলেজে শহীদ মিনার বেদিতে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, আবৃত্তি, নৃত্য ও নাটিকা প্রর্দশিত হয়।