ডাকাতির প্রতিবাদে নৌযান ধর্মঘট আশুগঞ্জে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে মালবাহী নৌযানে ডাকাতির প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে নৌযান ফেডারেশন।
শুক্রবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েসনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন হামদু জানান, বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ বন্দরে এমভি মাহি আরাফাত নামের একটি জাহাজে ডাকাতি হয়েছে। এ সময় জাহাজের শ্রমিকদের প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট হয়।
বাধা দিলে ডাকাতদের হামলায় চার শ্রমিক আহত হন।
এছাড়া গত পাঁচ দিনে অন্তত আটটি জাহাজে ডাকাতি হয় বলেও তিনি দাবি করেন।
নাজমুল হোসাইন আরো জানান, স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করেও কোনো লাভ হচ্ছে না। তাই শ্রমিকরা নৌধর্মঘটে নামতে বাধ্য হয়েছে।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাহার মাস্টার জানান, ডাকাতির মালামাল উদ্ধার না হওয়া এবং পর্যাপ্ত নিরাপত্তা না দেয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, ধর্মঘটের কারণে বন্দরে প্রায় দুই শতাধিক কার্গো জাহাজ আটকা পড়েছে।
আশুগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, নৌযান শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
