২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে পাখির জন্য একদিন

পাখির জন্য সারাদিন বরাদ্দ রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল পাখিমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 04:24 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ এই স্লোগানে ২০০১ সাল থেকে হয়ে আসছে এই মেলা।

শুক্রবার সকাল ৯টায় জহির রায়হান মিলনায়তন চত্বরে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন পাখিমেলা উদ্বোধন করেন।

অধ্যাপক মতিন বলেন, “পরিবেশের ভারসাম্য এবং জীববৈচিত্র্য রক্ষায় পাখ-পাখালির গুরুত্ব অনেক, নিজেদের প্রয়োজনেই এদের রক্ষায় ভূমিকা রাখতে হবে আমাদের।”

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং বন্যপ্রাণি আরোগ্য কেন্দ্র আয়োজিত এই মেলায় বাইনোকুলার দিয়ে পাখি দেখা ও পাখি চেনা প্রতিযোগিতা, পাখিবিষয়ক বক্তৃতা, গল্প বলা, পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ বলেন, পাখি মেলার ধারণা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র ও স্বকীয়তাকে তুলে ধরে।

তিনি বলেন, প্রতি বছর শীতের শুরুতে হাঁস জাতীয় যে পাখি বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে আসে সেগুলো আসলে পরযায়ী পাখি নয়, এগুলো দেশি পাখি। শুধু শীতের সময় এদের দেখা যায় বলে অনেকে এদের পরিযায়ী পাখি হিসেবে চিনে থাকে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অপরূপ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ ও ইশতিয়াক উদ্দিন আহমেদ। মেলায় প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বন সংরক্ষক তপন কুমার দে।

অনুষ্ঠানে প্রথমবারের মত বিগ বার্ড অব দ্য ইয়ার ২০১৪ সম্মাননা দেয়া হয়। মনির খান ও তার  স্ত্রী তানিয়া খান, রেজাউল হাফিজ এবং কিরণ খানকে বছরে সবচেয়ে বেশি সংখ্যক দুষ্প্রাপ্য ও বিলুপ্তপ্রায় পাখি দেখার জন্য দেয়া হয় এই পুরস্কার।

প্রতি বছরের মত এবারো খঞ্জনা, জলপিপি, নাকতা, জিরিয়া, ছোটনাগ এবং মানিকজোড়সহ বহু প্রজাতির পাখি বিশ্ববিদ্যালয়ের ছোট-বড় জলাশয়গুলোতে রয়েছে।

মেলায় বিভিন্ন জীব-বৈচিত্র্য এবং পরিবেশবাদী সংগঠন দর্শনার্থীদের পাখি সংক্রান্ত তথ্য ও সেবা দেয়।