বাঁশখালী হত্যাকাণ্ড: এবার পিপিকে সরানোর দাবি এপিপির
এবার চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর আবুল হাশেমকে ‘অদক্ষ’ দাবি করে বিশেষ পিপি নিয়োগ দিয়ে আলোচিত বাঁশখালী ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলা পরিচালনার দাবি জানালেন এপিপি নাছির উদ্দিন।
শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাছির পিপি আবুল হাশেমকে ‘অযোগ্য’ ও ‘অসৎ’ আখ্যায়িত করেন।
নিজের বিরুদ্ধে পিপি হাশেমের আনা ‘বাঁশখালী হত্যা মামলা’র আসামিদের সঙ্গে সখ্যের অভিযোগও অস্বীকার করেন নাছির।
একইসঙ্গে সরকারি কৌঁসুলি আবুল হাশেমের দুর্নীতির খোঁজখবর নিতেও সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।
গত বুধবার জেলা পিপির চেম্বারে সংবাদ সম্মেলন করে আবুল হাশেম অভিযোগ করেন, এপিপি নাছিরের সঙ্গে বাঁশখালী হত্যা মামলার আসামিদের যোগসাজশ রয়েছে।
এর আগে গত সোমবার মামলাটির সাক্ষ্যের দিনে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হ্লা মংয়ের সামনেই বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন পিপি হাশেম ও এপিপি নাছির।
তাদের কারণে চাঞ্চল্যকর মামলাটির শুনানি পিছিয়ে যায়। ওইসময় পিপি ও এপিপির পক্ষের আইনজীবীরাও বিচারকের সামনে তর্কে লিপ্ত হন।
ওইদিন নাছির অভিযোগ করেন মামলাটির সাক্ষ্য নেয়ার তারিখ দেয়ায় তার বিরুদ্ধে ক্ষিপ্ত হন পিপি।
শুক্রবারে সংবাদ সম্মেলন থেকে এপিপি নাছির বলেন, “আসামিপক্ষের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। পিপি সাহেবই আসামিপক্ষের কাছ থেকে অন্যায় সুবিধা নিয়ে সাক্ষ্য গ্রহণ হতে দেননি।”
“চট্টগ্রাম জেলা আদালতের সাথে সংশ্লিষ্টদের কাছে জিজ্ঞেস করলে আবুল হাশেমের অদক্ষতা, অনৈতিকতা, অযোগ্যতা, অসততা, বেআইনি ও দুর্নীতি বিষয়ক কাজের প্রমাণ পাওয়া যাবে।”
নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করে নাছির বলেন, “আমি এপিপি হিসেবে যোগদানের আগে ও পরে এবং একইসময়ে পিপি সাহেবের বর্তমান ব্যাংক একাউন্ট ও সম্পত্তির তদন্ত করলে প্রমাণ হবে আমি কর্পদকশূন্য, অন্যদিকে তিনি এসময়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন।”
আবুল হাশেম বুধবারের সংবাদ সম্মেলনে বলেছিলেন, নাছির বাঁশখালী মামলার প্যানেল লইয়ার নন।
এ প্রসঙ্গে এপিপি নাছির বলেন, তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন মামলাটির সাক্ষ্য শুরুর আগে ২০১২ সালে প্যানেল লইয়ার হিসেবে জেলা পিপিসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২০১১ সালের ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
এরপর ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি সরকারি কৌঁসুলি আগের ধারা বাদ দিয়ে সম্পত্তি দখলের জন্য পরিকল্পিত হত্যার অভিযোগে অভিযোগ গঠনের আবেদন করেন। এরপর ২০১২ সালের ১৯ এপ্রিল হত্যা মামলায় ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
পরে রাষ্ট্রপক্ষের আবেদনে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ায় সেটি আবার জেলা ও দায়রা জজ আদালতে ফেরত আসে।
আসামির সঙ্গে এপিপির ‘যোগসাজশ’
