২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামির বদলে ভাড়ায় জেল খাটছে অন্যলোক

মাদক মামলায় নিজের বদলে টাকার বিনিময়ে অন্য ব্যক্তিকে কারাগারে সাজা খাটতে পাঠিয়েও শেষ রক্ষা হয়নি প্রকৃত আসামি আশরাফুল ইসলামের(৫০)।

তাজুল ইসলাম রেজা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 06:32 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

আশরাফুলের বদলে সাজু নামে অপর ব্যক্তি এখন কারাগারে সাজা ভোগ করছেন।

গত বুধবার রাতে এক চুরির মামলার প্রধান আসামি হিসেবে আশরাফুলকে গ্রেপ্তার করে পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকার সোনারপাড়া গ্রামে তার বাড়ি থেকে  তিনি গ্রেপ্তার হন।

গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম জানান, নথি ঘাটতে গিয়ে পুলিশ দেখে তার নামে আগে মাদক মামলা ছিল। আর তাতে সাজাও হয়েছে। ফলে তার এ সময় কারাগারে থাকার কথা।

তাই আরো খোঁজ নিতে আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে ওর সাজা সাজুকে দিয়ে খাটানোর কাহিনি।

২০০৮ সালে ১০৯ বোতল ফেন্সিডিলসহ পুলিশের হাতে ধরা পড়ে আশরাফুল।

এরপর জামিনও পান তিনি। গত ২৭ জানুয়ারি গোবিন্দগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির রায়ের দিন তার হাজির হবার কথা ছিল।

আশরাফুলকে উদ্ধৃত করে তিনি বলেন, তার হয়ে আসামি হিসেবে হাজির করতে ‘আদালতের মোহরা জয়নাল মিয়ার’ পরামর্শে একই এলাকার সাজু নামের এক ব্যক্তিকে ১৭ হাজার টাকায় ভাড়া করেন আশরাফুল।

আশরাফুল সেজে আসামি হিসেবে ২৭ জানুয়ারি আদালতে সাজু হাজির হন।

সাজুকে বোঝানো হয়েছিল এ মামলায় কোনো সাজা হবে না। বরং আদালতের কাঠগড়ায় উঠলেই তার জামিন মিলবে।

কিন্তু সেদিন আদালত আশরাফুলকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়। আর তাতে আশরাফুলের বদলে জেলে যেতে হয় সাজুকে।

এদিকে চুরির মামলায় আশরাফুল বুধবার রাতে ধরা পড়ার পর এ ঘটনাটি গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোফাজ্জেল হোসেনের নজরে আসে।

গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন বলেন, “পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”

এ ঘটনায় আদালতের সঙ্গে প্রতারণার দায়ে আশরাফুল পরিচয়ে হাজিরা দেয়ার অভিযোগে সাজুসহ মামলার সংশ্লিষ্ট আইনজীবী এবং মোহরার বিরুদ্ধে পুলিশ একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

আগামী রোববার আদালতে এ ঘটনায় মামলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।