২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামির সঙ্গে এপিপির ‘যোগসাজশ’

আদালতে বিচাকের সামনে প্রকাশ্য বিবাদে জড়ানোর পর এবার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে মামলার আসামিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ করেছেন পিপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 10:00 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

একইসঙ্গে ওই মামলার বাদিও তাকে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন এপিপির বিরুদ্ধে।

বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল হাশেম সহকর্মী অতিরিক্ত পিপি নাছির উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।

সোমবার দুপুরে ওই আদালতে চলা বাঁশখালী ১১ হত্যা মামলার সাক্ষী হাজির করা নিয়ে বিচারকের সামনেই বিরোধে জড়ান আওয়ামী লীগ সমর্থক এই দুই আইনজীবী।

আদালত ওইদিন শুনানি স্থগিত করে ২৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করেন।

বুধবারে পিপির আয়োজিত সংবাদ সম্মেলনে এই মামলার বাদি বিমল শীলও উপস্থিত ছিলেন।

পিপি আবুল হাশেম বলেন, গত বছরের নভেম্বর মাসে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে জেলা ও দায়রা জজ আদালতে ফেরত আসে।

“কিন্তু আমাকে কিছু না জানিয়ে এপিপি নাছির উদ্দিন কেইস ডায়েরি নিয়ে নেন। তিনি বাদি পক্ষকে প্রভাবিত করে আমার অজ্ঞাতে আদালতে চারজন সাক্ষীও হাজির করেন।

“তাকে আমি দায়িত্ব দিইনি। এই মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের প্যানেলেও এপিপি নাছির উদ্দিনের নাম নেই।

হাশেম জানান, এই মামলার আসামি আবু তৈয়ব ও আর্মি হাসানের বাড়ি চন্দনাইশের বৈলতলি এলাকায়। এপিপি নাছির উদ্দিনও একই এলাকার বাসিন্দা।

“আসামি পক্ষের সঙ্গে যোগসাজশে অন্যায় লাভের আশায় সবার অগোচরে এপিপি সাক্ষী হাজির করেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত বাদি বিমল শীল বলেন, “এপিপি নাছির উদ্দিন নগরীর উত্তর আগ্রাবাদে আমার দোকানে গিয়ে দেখা করেন।

“তিনি মামলাটি পরিচালনা করবেন এবং এবিষয়ে পিপি আবুল হাশেমের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই বলে জানান। চারজন সাক্ষী আনার বিষয়টি আমিও জানতাম না।”

সংবাদ সম্মেলনে মামলা পরিচালনার জন্য গঠিত আইনজীবী প্যানেলের সদস্য খালেদ শাহনেওয়াজ, বি কে বিশ্বাস, আইনজীবী চন্দন বিশ্বাস ও চন্দন তালুকদার উপস্থিত ছিলেন।

সোমবার আদালতে বিরোধে জড়ানোর পর এপিপি নাছির উদ্দিনকে ক্ষমতাবলে ওই আদালতের সব মামলায় দায়িত্ব থেকে অব্যাহতি দেন পিপি আবুল হাশেম।

আর বিরোধের বিষয়ে আইন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন বলে জানান এপিপি নাছির উদ্দিন।

২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শলিপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়িতে একই পুরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

২০১১ সালের ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

এরপর ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি সরকারি কৌঁসুলি আগের ধারা বাদ দিয়ে সম্পত্তি দখলের জন্য পরিকল্পিত হত্যার অভিযোগে অভিযোগ গঠনের আবেদন করেন।

২০১২ সালের ১৯ এপ্রিল হত্যা মামলায় ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ায় সেটি আবার জেলা ও দায়রা জজ আদালতে ফেরত আসে।