রাষ্ট্রপতি হঠাৎ সংসদ লাউঞ্জে
স্পিকার থাকা অবস্থায় যেমন আসতেন, রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর বুধবার সেভাবেই সংসদ ভবনের লাউঞ্জে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে মাতলেন আবদুল হামিদ।
জাতীয় সংসদের অধিবেশন চলার সময় রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ লাউঞ্জে উপস্থিত হন আবদুল হামিদ, কোনো প্রকার পূর্ব ঘোষণা ও রাষ্ট্রপতির প্রটোকল ছাড়াই।
রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আগেই বলেছিলেন, এদিন অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির গ্যালারিতে বসে সংসদ অধিবেশন দেখেন আবদুল হামিদ।
প্রায় পাঁচ মিনিট ধরে আলাপে জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আক্তারের চিকিৎসার খোঁজ-খবরও নেন রাষ্ট্রপতি।
গত ১৭ সেপ্টেম্বর মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নাজনীন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
নাজনীন সুস্থ্ হয়ে কবে নাগাদ আসতে পারেন, অন্য সাংবাদিকদের তাও জানতে চান রাষ্ট্রপতি।
আবদুল হামিদ স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় মাঝে-মাঝেই লাউঞ্জে এসে সাংবাদিকদের খোঁজ নিতেন।রাষ্ট্রপতি হওয়ার পর সংসদের সাংবাদিক লাউঞ্জে এটা তার দ্বিতীয় বার আগমন।
নবম জাতীয় সংসদে বাজেট বক্তৃতা চলাকালে গত বছর ৬ জুন বিকালে আবদুল হামিদ সাংবাদিক লাউঞ্জে এসেছিলেন।
