কার্য উপদেষ্টা কমিটিতে এরশাদ, সুরঞ্জিত আইনে
দশম সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন হয়েছে, যাতে সংসদ নেতা শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও রয়েছেন।
দশম সংসদ অধিবেশন শুরুর এক সপ্তাহের মাথায় বুধবার কার্য উপদেষ্টা কমিটির পাশাপাশি চারটি স্থায়ী কমিটিও গঠিত হয়েছে। এর মধ্যে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
পদাধিকার বলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটির সভাপতি হয়েছেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ কমিটিতে রয়েছেন।
এই কমিটিতে আওয়ামী লীগ থেকে সদস্য হয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী,সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুল মতিন খসরু ও আনিসুল হক।
ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের মইনুদ্দিন খান বাদলও রয়েছেন সংসদ পরিচালনার মূল কমিটি কার্যউপদেষ্টা কমিটিতে।
দিনের সম্পূরক কার্যসূচিতে কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, পিটিশন কমিটি, সংসদ কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।
কার্য উপদেষ্টা কমিটির প্রস্তাব স্পিকার এবং বাকি চারটি কমিটি গঠনের প্রস্তাব প্রধান হুইপ ফিরোজ উপস্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
স্পিকারকে সভাপতি করে ১২ সদস্যের কার্যপ্রণালী বিধি কমিটি গঠন করা হয়েছে। এতেও এরশাদ সদস্য হিসেবে থাকছেন।
এই কমিটির অন্য সদস্যরা হলেন- সুরঞ্জিত সেনগুপ্ত, ফজলে রাব্বী মিয়া, শেখ সেলিম, আলী আশরাফ, আব্দুস শহীদ, আব্দুল মতিন খসরু, আ স ম ফিরোজ, আনিসুল হক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু।
স্পিকারকে প্রধান করে পিটিশন কমিটির সদস্যরা হলেন- শেখ সেলিম, এরশাদ, মহীউদ্দীন খান আলমগীর, ফজলে রাব্বী মিয়া, আব্দুস শহীদ, শেখ মো. নুরুল হক, ধীরেন্দ্র দেবনাথ শুম্ভু, মইনউদ্দিন খান বাদল ও সাবের হোসেন চৌধুরী।
প্রধান হুইপ আ স ম ফিরোজকে সভাপতি করে সংসদ কমিটির সদস্যরা হলেন- আব্দুস শহীদ, নূর-ই আলম চৌধুরী, শেগুফপ্তা ইয়াসমিন এমিলি, তাজুল ইসলাম চৌধুরী, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী, আসলামুল হক, মাহবুব আরা গিনি, নাজমুল হক প্রধান, তালুকদার মো. ইউনূস ও পঞ্চানন বিশ্বাস।
সুরঞ্জিতের নেতৃত্বে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন- আইনমন্ত্রী আনিসুল হক, সাহারা খাতুন, আব্দুল মতিন খসরু, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, জিয়াউল হক মৃধা, তালুকদার মো. ইউনুস, তাজুল ইসলাম চৌধুরী।
এই কমিটিতে সংরক্ষিত মহিলা আসনের একজন সদস্যকে পরে অন্তর্ভুক্ত করা হবে।
