২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৯ লাখ টাকা ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৫

সিলেট শহরতলীর খাদিম কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের (এটিআই) সামনে থেকে সানটেক কোম্পানির ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 06:29 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার দুপুরে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন আহমদ।

মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট নগরীর রায়নগর দর্জিবন্দ বসুন্ধরা ১১৪ নম্বর বাসার আনোয়ার হোসেনের ছেলে মো. সুহেল আহমদ ওরফে লম্বা সুহেল (২০), একই এলাকার প্রত্যয় ৭৭ নম্বর বাসার আব্দুল আজিজের ছেলে মো. সোহেল (২৫), গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ মিশ্রপাড়া গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আশরাফুল মুবিন মাহফুজ (২৩), নগরীর ঝেরঝেরীপাড়ার মৃত রহমত উল্ল্যাহর ছেলে রাহাত খান মুন্না (২৬) ও শাহপরাণ থানার খিদিরপুর এলকার দত্তগ্রামের বাসিন্দা মৃত সোনা মিয়ার ছেলে সোলাইমান ইসলাম (৩২)।

তাদের কাছ থেকে ৩টি চাপাতি, একটি এয়ারগান, একটি খেলনা পিস্তল, ২টি মোটর সাইকেল, ১৭ টি মোবাইল ফোন সেট, ৭২টি সাউন্ড পটকা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোকন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সুহেল ও আশরাফুল খেলনা পিস্তল দেখিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

গত ২ ফেব্রুয়ারি বিকেলে সিলেট শাহপরান থানার আওতাধীন খাদিম কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ফটকের কাছে সানটেক কোম্পানির মাইক্রোবাস আটকে চালক ও দুই কর্মকর্তাকে মারধর করে ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল দুর্বৃত্তরা।

ছিনতাইকারীদের হামলায় মাইক্রোবাস চালক সোলেমান ও সানটেক কোম্পানীর কর্মকর্তা মো. শাহাদত হোসেইন ও জমির উদ্দিন আহত হয়।

পরে এ ঘটনায় কোম্পানীর ম্যানেজার (এডমিন) মো. মহিউদ্দিন শাহপরান থানায়  একটি মামলা করেন।