২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রেমিকের টাকা যোগাড়েই চট্টগ্রামে শিশু অপহরণ'

চট্টগ্রামে শিশু অপহরণের ঘটনার পেছনে প্রেমিকের নেশা ও ব্যবসার টাকা জোগাড়ই উদ্দেশ্য ছিল বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 10:18 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

প্রায় সাত ঘণ্টার অভিযানে সোমবার গভীর রাতে  অপহৃত শিশু তাজওয়ার মোক্তাসিন তাজবিকে (৩) উদ্ধার ও এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে মঙ্গলবার বিকালে এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানায় তারা।

গ্রেপ্তার চার জন হলেন অপহৃত শিশুর মামাত বোন ফারিয়া তাজনিম সূচনা (১৮), আল আমিন (২২), তার বন্ধু আল মামুন (২১) ও পারভিন আক্তার (২৫)।

পোশাক কারখানার কর্মী পারভীন, আল মামুনের প্রতিবেশী । অপহরণের পর পারভিনের বাসায় অপহৃত তাজবিকে রাখা হয়।

তাজবির বাবা নগরীর হালিশহর থানার কে-ব্লকের বাসিন্দা ব্যবসায়ী মোশারফ হোসেন।

প্রেমিক আল আমিনের ব্যবসা ও নেশার টাকা জোগাতেই প্রেমিকা সূচনা নিজের ফুফাত ভাইকে অপহরণ করে বলে দাবি পুলিশের।

হালিশহর থানার ওসি শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সূচনা নগরীর বৌ বাজার এলাকার বাসিন্দা। পরিকল্পনা অনুসারে গত ৩১ জানুয়ারি সে কে-ব্লকের মামার বাসায় বেড়াতে যায়।

“গত সোমবার বিকালে মোশারফের বড় মেয়ে তাহিতাকে কোচিং সেন্টারে পৌঁছে দিতে তাজবিকে সঙ্গে নিয়ে বের হয়।”

ওসি শাহজাহান জানান, তাহিতাকে কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে নগরীর সিআরবি এলাকায় গিয়ে শিশু তাজবিকে আল আমিন ও আল মামুনের হাতে তুলে দেয় সূচনা।

“পরে মামার বাসায় ফিরে সূচনা জানায় অপহরণকারীরা তাজবিকে নিয়ে মাইক্রোবাসে করে পালিয়ে গেছে এবং তাকে ছেড়ে দিয়েছে। ”

সোমবার সন্ধ্যায় ঘটনার বিষয়ে পুলিশে খবর দেন তাজবির বাবা মোশারফ হোসেন।

ওসি শাহজাহান বলেন, সূচনাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমবাগান এলাকা থেকে একে একে আল আমিন, আল মামুন ও পারভিনকে গ্রেপ্তার করে ও তাজবিকে উদ্ধার করা হয়।

“আল আমিন ও আল মামুন নেশাগ্রস্ত। নেশা এবং ব্যবসার মূলধন জোগাড় করতে পাঁচ লাখ মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চার জনকে আসামি করা হয়েছে।”