২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: ষড়যন্ত্রের বিচারও হবে, বললেন হাসিনা

১০ ট্রাক অস্ত্র চোরাচালানে জড়িতদের শাস্তি হওয়ার পর এর পেছনে যাদের ষড়যন্ত্র ছিল, তাদেরও বিচারের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 09:55 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

খালেদা জিয়া ও তারেক রহমানকে এই ঘটনায় জড়ানোর চেষ্টা হচ্ছে বলে বিএনপির অভিযোগের মধ্যে মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় বক্তব্যে একথা বলেন তিনি।

খালেদার সরকারের মন্ত্রী মতিউর রহমান নিজামী ও প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে গত বৃহস্পতিবার দেয়া আদালতের রায়ে তৎকালীন প্রধানমন্ত্রীর নীরবতার বিষয়টিও উঠে আসে।

মঙ্গলবার সংসদ অধিবেশনে আদালতের রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে বিএনপি চেয়ারপারসনের বিচার দাবি করে আলোচনার সূত্রপাত ঘটান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

এরপর আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “খালেদা জিয়া প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি এর দায় এড়াতে পারেন না। যদি সাপ্লিমেন্টারি চার্জশিট হয়- তাহলে তিনি প্রধান আসামি হবেন।”

পরে সংসদ নেতা হাসিনা বলেন, “এই মামলা চলাকালে রেফারেন্স হিসাবে এসেছে, হাওয়া ভবন এর সঙ্গে জড়িত। বিচারের জেরাতে যখন সাক্ষী চলতে থাকে তখন বিএনপি নেত্রীর নাম চলে আসে। সম্পূরক চার্জশিটও হয়ে গেছে। বিচার শেষ হয়েছে।“এই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত, তার বিচার হওয়া দরকার। হাওয়া ভবন ও বিএনপি সম্পৃক্ততার বিচার করা হবে। এটা করা দরকার।”

“ডিজিএফআই এটা জানানোর পর তখন যে প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি চুপ করে ছিলেন। হাওয়া ভবন ও বিএনপি নেত্রী এর সাথে জড়িত কি না, নতুনভাবে তদন্ত করা হবে। কোথা থেকে এসেছে, এর পেছনে কারা ছিল,  তা তদন্ত করে বের করা হবে। আমরা শাস্তি দেব।”

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালে সংঘটিত এই ঘটনায় অস্ত্র ও চোরাচালান মামলার রায়ে সন্তোষ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আলহামদুলিল্লাহ।”

অস্ত্র খালাসে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এনএসআই আর ডিজিএফআইকে যদি ব্যবহার করা হয়, তাহলে দেশের নিরাপত্তা কোথায় থাকে?”আদালতের রায়ে বলা হয়েছে, ভারতের বিদ্রোহী সংগঠন উলফার জন্য এই অস্ত্র নেয়া হচ্ছিল, যা পাচারে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা করা হয়।

শেখ হাসিনা বলেন, ভারতের সাত প্রদেশের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে এবং তাদের আন্দোলনকে স্বাধীনতা আন্দোলন হিসাবে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন খালেদা জিয়া।

যাদের সহায়তায় ২০০৪ সালে এই অস্ত্রের চালান আটক করা হয়, সেই সালাউদ্দিন ও হেলালউদ্দিনকে ধন্যবাদও জানান শেখ হাসিনা।

এই দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করার দাবিও জানান আওয়ামী লীগ নেতা শেখ সেলিম।

১০ ট্রাক অস্ত্র: খালেদারও বিচার চাইলেন শেখ সেলিম

নিজামী-বাবরসহ ১৪ জনের ফাঁসি

‘উলফাকে শক্তিশালী করতেই ১০ ট্রাক অস্ত্র’