২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কৃতির পরিচয়বাহী প্রযুক্তি চান মন্ত্রী লতিফ সিদ্দিকী

দেশীয় সংস্কৃতির সঙ্গে সাজুয্য রেখে প্রযুক্তি উন্নয়নের বিষয়ে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 09:29 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মঙ্গলবার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অ্যানড্রয়েড অ্যাপ ‘হাতে খড়ি’র উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “প্রযুক্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে সংযোগ স্থাপনের পাশাপাশি নিজের মাটির সঙ্গেও সম্পর্ক স্থাপন করতে হবে।”

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে সূর‌্যমুখী লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অ্যাপ উদ্বোধন করার অনুষ্ঠানে সেখানে হঠাৎ হাজির হন মন্ত্রী।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছিলেন প্রধান অতিথি।

‘হঠাৎ করে’ যোগ দেয়ায় নিজেকে ‘অনাহূত’ ও ‘কাবার মে হাড্ডি’ বলেও মন্তব্য করেন মন্ত্রী।

ব্যবহারবান্ধব প্রযুক্তি উন্নয়নের প্রযোজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আমি সত্যিকার অর্থে ডিজিটাল মিনিষ্টার। কোন প্রযুক্তি শতকরা ৮০ ভাগ লোক ব্যবহার করতে পারবে না এমন কোন কিছু আমি দেখতে চাই না।”

‘হাতেখড়ি’ অ্যাপ বাংলা বর্ণমালা শেখায় শিশুদের সাহায্য করবে।

অ্যাপ দেখার সময় মন্ত্রী বলেন, “আ তে আমটি আমি খাবো পেরে কথাটিকে আমি সমর্থন করিনা।

“এখানে কেবল ছোট থেকে একা কোনকিছু খাওয়ার ব্যাপারে শিশুদের শিক্ষা দেয়া হচ্ছে। বাক্যটি পরিবর্তন করা গেলে ভালো হবে “

মন্ত্রী বলেন, “কেবল প্রযুক্তি যার হাতে তারাই এ অ্যাপ (এপ্লিকেশন) ব্যবহারের সুযোগ পাবে। সমাজে শ্রেনী বৈষম্য থাকবে তবু সবার প্রতি মানবতা, সহানুভুতি, ভালবাসাও থাকা দরকার।”

“বঙ্গবন্ধুর চেতনা ছিল সমাজে শোষণ বঞ্চনাকে নির্মূল করা না গেলেও কমিয়ে আনা”-মন্তব্য করেন মন্ত্রী।

“আমি কিন্তু এ প্রযুক্তিটির বিরোধিতা করছি না। অন্তরে যা আছে আমি মুখেও তা বলি।”

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, “আমরা তো শেষ। এখন ওরাই (প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দিকে ইঙ্গিত করে) করবে। আমি নজরুল (সচিব)কে আগে বলে দিয়েছি, এখন প্রকাশ্যে বলে যাচ্ছি-আমি এ মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব ওকে (প্রতিমন্ত্রী) দিয়ে রেখেছি।”

প্রতিমন্ত্রী পলক বলেন, “ভাষার মাসে প্রযুক্তির মধ্য দিয়ে শিশুদের বর্ণমালা শেখানের উদ্যোগটি শুভ।

“দিনে দিনে ডেক্সটপ, ল্যাপটপের ব্যবহার কমলেও মোবাইল ফোনের ব্যবহার বেড়েছে। বর্ণমালা শিক্ষায় যে অ্যাপসটি কাজ করবে তাতে শিশুরা শিক্ষা ও আনন্দ দুটোই পাবে।”

“শিশুদের বর্ণমালা শিক্ষা দেবার জন্য অ্যাপ সৃষ্টিকারী প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস নিয়ে আরেকটি অ্যাপ তৈরি করবে বলে আশা রাখি”-বলেন পলক।

তিনি বলেন, “বাংলাদেশে সোনা কিংবা হিরার খনি নেই।সম্ভাবনাময় নতুন প্রজন্মই আমাদের সম্পদ।”

অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ ধরে বলেন, “আমটি আমি খাবো পেরে বাক্যটি যদি আমটি আমরা খাবো পেরে করা যায় তবে শিশুরা সবাইকে নিয়ে চিন্তার করা কথা ভাবতে পারবে।”

অনুষ্ঠান পরিচালনায় ‘চিকু’ নামের একটি পাপেট ব্যবহার করা হয়। সেটি অনুষ্ঠানে শিশুদের সঙ্গে কথোপকথন চালায়।

শিশুরা কেউ রাজনীতিবিদ হতে চাইলে হাত তুলতে অনুরোধ করা হলে কোন শিশুই হাত তোলেনি।

মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান ও এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।