চট্টগ্রামে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডিত মো. শাকিল (২২) আনোয়ারা থানার গুজরা ইউনিয়নের হাজী জাফরের ছেলে।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম মঙ্গলবার রায়ে তাকে কারাদণ্ডের পাশপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি সামশু বৈদ্য খালাস পেয়েছেন বলে জানান তিনি।
চন্দন তালুকদার জানান, ২০১১ সালের ১৩ জুন শাকিল প্রতিবেশি ওই তরুণীকে আটকে অটোরিকশায় করে উপজেলার হাইলদর এলাকায় নিয়ে যান।
“সেখানে তাকে ধর্ষণের পর আবার অটোরিকশায় করে উপজেলার দত্তের হাট এলাকায় নামিয়ে দিয়ে শাকিল পালিয়ে যান,” বলেন তিনি।
ঘটনার পর তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হয়। প্রায় দুই সপ্তাহ পরে ২২ জুন তিনি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১১ সালের ২৮ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ২০১২ সালের ২৫ জুলাই এ মামলায় অভিযোগ গঠন করা হয়।
রায় ঘোষণার পর আসামি শাকিলকে কারাগারে পাঠানো হয়।
