বাণীর বন্দনায় ভক্তকুল
নতুনদের হাতেখড়ি, ভক্তি ও আরাধনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।
সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা ও জ্ঞান লাভের জন্য ‘মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে’ এই পূজা পালন করেন। সে হিসাবে মঙ্গলবার সকাল থেকেই মণ্ডপগুলোতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনা করছেন ভক্তরা।
ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বেশ বড় আকারে আয়োজন করা হয় এই পূজা।
হলের প্রভোস্ট অসিম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের বিভন্ন বিভাগের আয়োজনে এবছর জগন্নাথ হলে মোট ৬০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এর মধ্যে হলের মাঠে বিভিন্ন বিভাগের ৫৬টি, হলের উপসনালয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি এবং হলের কর্মচারীদের পক্ষ থেকে দুইটি মণ্ডপে পূজা চলছে।
এছাড়া শামসুন নাহার হল, রোকেয়া হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে একটি করে মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে।
প্রতিটি মণ্ডপ সাজানো হয়েছে দৃষ্টিনন্দন সাজে। জগন্নাথ হলে ভোরবেলা থেকেই ভক্ত ও শিক্ষার্থীরা দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেয়া শুরু করেন।
পূজার মূলপর্ব হলো ‘বাণী অর্চনা’। শিক্ষার্থী ছাড়াও সব বয়সের মানুষ এতে অংশ নেন। এরপর সারাদিন চলবে প্রসাদ বিতরণ। সন্ধ্যায় আরতি।
জগন্নাথ হলের পুরোহিত সাধান চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্ঞান ও বিদ্যার রূপ হলেন দেবী সরস্বতী। সাদা রাজহাঁসে বসা দেবীর একহাতে পুস্তক, আর অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। শুভ দিন হিসেবে অভিভাবকরা এদিন শিশুদের হাতে খড়ি দেন।”
দেবীর পূজায় পুরোহিত মস্ত্র পাঠ করিয়ে শিশুদের হাতে কাশ ফুলের কলম ও রূপক দোয়াত তুলে দেন। ওই কলম দিয়ে একটি মাটির সরায় (পাত্র) লেখার মাধ্যমে আনুষ্ঠানিক লেখা-পড়া শুরু করে শিশু। একেই বলা হয় ‘হাতে খড়ি’ দেয়া।
জগন্নাথ হলের ভেতরে এবারও পুকুরের মাঝে একটি বিশালাকৃতির প্রতিমা বসানো হয়েছে। প্রায় ৩০ ফুট উচ্চতার বিদ্যা দেবীর প্রতিমাটি বরাবরের মতোই বানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
চারুকলা অনুষদের ১৮তম ব্যাচের জয় প্রকাশ বলেন, “এবারের প্রতিমাটি লাল বালি দিয়ে তৈরি করা হয়েছে। চারুকলা অনুষদের শিক্ষর্থীরা ২০দিন ধরে এ প্রতিমা তৈরি করেছেন।”
এ বছর প্রতিমা তৈরির দায়িত্ব ১৭তম ব্যাচকে দেয়া হলেও সবাই সহযোগিতা করেছেন বলে জানান তিনি।
