২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ৫৯টি পপি ক্ষেত ধ্বংস

বান্দরবানের থানছি উপজেলার মিয়ানমার সীমান্তে ১৫ দিনের অভিযানে বিস্তীর্ণ এলাকার বিপুল পপি ক্ষেত ধ্বংস করেছে যৌথবাহিনী।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 05:35 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

গহীন অরণ্যের প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ১৪ একর ভূমিতে গত ২২ জানুয়ারি থেকে এ অভিযানে ৫৯টি ক্ষেত ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা জানান।

সর্বশেষ রোববার কয়েকটি স্থানে অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল সাব্বির আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

যৌথবাহিনীর অধিনায়ক ও আলীকদম সেনা জোনের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আলমগীর কবির বলেন, বান্দরবান জেলা শহর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গহীন অরণ্যে দুর্বৃত্তদের আবাদ করা ৫৯টি ক্ষুদ্র ক্ষুদ্র নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

এতে সেনা ও বিজিবির ১০ কর্মকর্তাসহ প্রায় ২৫০ জন জোয়ান অংশ নেন বলেও তিনি জানান।

বুলুঝিরিতে পপি ক্ষেত ধ্বংসের সময় সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাব্বির আহমদ এক ব্রিফিংয়ে  বলেন, নিষিদ্ধ পপি চাষের সংবাদ পাওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান শুরু করেন।

পপিচাষিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যে পুনর্বাসনের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা বলেন, এসব পপিচাষিদের কর্মসংস্থান ও ভূমিসহ পুনর্বাসনের জন্যে একটি বিশেষ প্রকল্প সরকারের উচ্চ মহলে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেটি বাস্তবায়িত হলে গহীন অরণ্যে পপিচাষ বন্ধ হয়ে যাবে।

তিনি আরো বলেন, দুর্গম বড়মদক এলাকায় পপিচাষ বিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ২০১২ সালে একটি সমাবেশও অনুষ্ঠিত হয়। দুর্গম এলাকার কিছু সংখ্যক পাহাড়ি পরিবার দারিদ্র্যের কারণে ও দুর্বৃত্তদের চাপের মুখে নিষিদ্ধ পপিচাষ করছে।

১৯৮২ সাল থেকে বছরের এ সময়টাতে বান্দরবানের থানছি, আলীকদম ও রুমা উপজেলার সীমান্ত ও গহীন অরণ্যের পানির প্রবাহ পাওয়া যায় এমন স্থানগুলোতে বিক্ষিপ্তভাবে পপিচাষ করা হয়।

তবে নিরাপত্তা বাহিনীর বিশেষ তৎপরতায় ফুল ও ফল আসার সময়ই পপিক্ষেত ধ্বংস করে দেয়া হয়।

রোববারের অভিযানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকী, বিজিবি চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার কর্নেল সাইফ, জিওসির জেনারেল স্টাফ অফিসার লে.কর্নেল সাজ্জাদ, স্টাফ অফিসার মেজর ফয়সাল, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য এবং  ছয়জন সাংবাদিক।