২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা স্থগিতে আবেদন তারেকের শাশুড়ির

যথাসময়ে সম্পদের হিসাব না দেয়ায় দুর্নীতি দমন কমিশনের করা মামলা স্থগিতে হাই কোর্টে আবেদন করেছেন তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 11:31 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে রোববার একটি সম্পূরক আবেদনে মামলার স্থগিতাদেশ চান তিনি।

আদালত আগামী সোমবার এই আবেদন শুনানির দিন রেখেছে।

আদালতে ইকবাল মান্দ বানুর পক্ষে ছিলেন মো. বদরুদ্দোজা বাদল। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।

২০১১ সালের ২০ অক্টোবর সম্পদের হিসাব চেয়ে ইকবাল মান্দ বানুকে নোটিস দেয় দুদক। তিনি এর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আসেন।

তার আবেদনে আদালত রুল দিয়ে নোটিসের কার্যক্রম স্থগিত করে। পরে দুদকের আপিলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাই কোর্টের ওই আদেশ স্থগিত করে হাই কোর্টে রুলের শুনানি করার নির্দেশ দেয়।

গত মঙ্গলবার কমিশনের বৈঠকে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়ার পর তিনি সময় চেয়ে আবেদন করেন।

তখন দুদক কমিশনার সাহাবুদ্দিন বলেছিলেন, মামলা অনুমোদন দেয়ার পর পেছানোর কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার দুদক রমনা থানার সম্পদের হিসাব না দেয়া একটি মামলা করে দেয়।

বিএনপির দাবি, তাদের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের শাশুড়ির বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক হয়রানিমূলক।

ইকবাল মান্দ বানুর জামাতা তারেক বেশ কয়েকটি মামলা মাথায় নিয়ে পাঁচ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে রয়েছেন। মেয়ে জোবাইদা রহমানও রয়েছেন স্বামীর সঙ্গে।

তারেকের শাশুড়ির বিরুদ্ধে মামলা