২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকে চুরি: চালক সহকারীসহ ট্রাক আটক

কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের ভল্ট থেকে চুরি করা টাকা পরিবহনকারী ট্রাকটি চালকের সহকারীসহ আটক করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 11:13 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার বিকালে ময়মনসিংহ জেলার আঠারো বাড়িতে এ অভিযান চালায় কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।

আটক সহকারীর নাম আলমগীর (৩৫)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার সায়েকপুর গ্রামের আলেক মিয়ার ছেলে।

আটরশী পীরের মাজারে চুরির মূল হোতা সোহেলের পাঠনো চাল বহনকারী কাভার্ড ভ্যানটিকেও আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের অপর একটি দল।

সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। এ সময় আটক হন ভ্যানটির চালক আব্দুস সাত্তার তালুকদার (৬০) এবং ছালামত (৫৫)।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করে বাকি টাকা উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে।

ব্যাংক কর্মচারী রিমান্ডে

সোনালী ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরির ঘটনায় সন্দেহভাজন সানালী ব্যাংক, কিশোরগঞ্জ শাখার পিয়ন আবু বাক্কারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে কিশোরগঞ্জের বিচারিক আদালত।

গত ২৬ জানুয়ারি ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির বিষয়টি উদঘাটনের পরপরই কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ আবু বাক্কারকে গ্রেপ্তার করে।