২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন মেলেনি রানা প্লাজার মালিকের

হাই কোর্টে গিয়েও জামিন পাননি সোহেল রানা, যার মালিকানাধীন ভবন ধসে গত বছর সহস্রাধিক পোশাক শ্রমিক নিহত হয়েছিল।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 08:04 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

ভবন ধসের ঘটনায় রাজউকের করা মামলায় উচ্চ আদালতে জামিনের আবেদন নিয়ে গিয়েছিলেন রানা, তা উপস্থাপিত হয়নি মর্মে রোববার খারিজ করে দিয়েছে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১১শ’র বেশি মানুষের মৃত্যু হওয়ার ঘটনায় সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ এই মামলা দায়ের করেন।

ভবন নির্মাণে ত্রুটির এই অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড হতে পারে।

নাজমুল হুদা শুনানিতে বলেন, ইমারত নির্মাণ বিধিমালার যে ধারায় মামলাটি দায়ের করা হয়েছে, সেটি জামিনযোগ্য। এই মামলার অন্য আসামিরাও জামিনে রয়েছেন। তাই রানাও জামিন পেতে পারেন।

এর বিরোধিতা করে অমিত তালুকদার বলেন, এই ঘটনায় সহস্রাধিক নিহত হয়েছে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বাধাগ্রস্ত হয়েছে তৈরি পোশাকের জেএসপি সুবিধাও। অর্থনৈতিকভাবে বাংলাদেশ হুমকির মুখে পড়েছে।

“এসব দিক বিবেচনায় মূল আসামি সোহেল রানার জামিন হতে পারে না,” বলেন তিনি।

শুনানি শেষে আদালত আবেদনটি খারিজের আদেশ দিতে উদ্যত হলে আসামিপক্ষের অনুরোধে রেওয়াজ অনুসারে উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে।

এতে আসামিপক্ষ হাই কোর্টেরই অন্য কোনো বেঞ্চে জামিনের আবেদনটি আবার নিয়ে যেতে পারবে।

রানা প্লাজা ধসের ঘটনায় রানার বিরুদ্ধে আরো মামলা রয়েছে।

অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশের করা মামলায় অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

গত বছর ভবন ধসের চারদিন পর ২৮ এপ্রিল বেনাপোল দিয়ে সীমান্ত পাড়ি দেয়ার সময় র‌্যাবের হাতে গ্রেপ্তার হন রানা।

ভবন মালিক রানা গ্রেপ্তার

ভবন মালিককে ‘উদ্ধার’ করেন সাংসদ