২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে সংসদীয় কমিটি গঠনের কাজ

বিগত নবম জাতীয় সংসদের মতো সদ্য শুরু হওয়া দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই গঠন করা হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটিগুলো।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 07:58 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মঙ্গলবারই কয়েকটি কমিটি গঠন হতে পারে বলে ইঙ্গিত দিযেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি সপ্তাহেই কমিটি গঠনের কাজ শুরু হবে। এর মধ্যে মঙ্গলবার কয়েকটি কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।”

সংসদ ‍অধিবেশনের মেয়াদ ও কার্যাবলি ঠিক করার ক্ষমতা সম্পন্ন কার্যউপদেষ্টা কমিটিও চলতি সপ্তাহে গঠন করা হতে পারে বলে জানান স্পিকার।

সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভাপতি পদাধিকার বলে স্পিকার। এই কমিটির সদস্য নির্বাচিত হন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, সংসদের বিরোধীদলীয় নেতা, ডেপুটি স্পিকার ও প্রধান হুইপ, সরকার ও বিরোধী দলের জ্যেষ্ঠ সংসসাংসদরা।

কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ নেতার অনুমতি নিয়ে প্রধান হুইপ সংসদীয় কমিটির সভাপতি ও সদস্যদের নাম প্রস্তাব করেন। পরে সেগুলো স্পিকার ভোটে দেন।

সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিগত সংসদের প্রথম ‍অধিবেশনে সবগুলো কমিটি গঠন করা হয়েছিল। এবারো তার ব্যত্যয় হবে না। এ সপ্তাহেই কয়েকটি কমিটি গঠনের কাজ শুরু হচ্ছে।”

“সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের নির্বাচন হয়ে গেলে আমাদের জন্য সুবিধা হয়। এর আগে কার্যউপদেষ্টা কমিটি, সংসদ কমিটিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হবে।”

নির্বাচন  কমিশন আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।

সংসদ সদস্যদের আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করে সংসদ কমিটি। পধাধিকার বলে এ কমিটির সভাপতি হন প্রধান হুইপ।

নবম সংসদের প্রথম অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠিত হয়। সেখানে প্রথম বারের মতো বিরোধী দল থেকে ৩ জন সংসদ সদস্যকে তিনটি কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

এছাড়া ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টি থেকে দুজন এবং ওয়ার্কার্স পার্টি ও জাসদ থেকে একজনকে সংসদীয় কমিটির সভাপতি করা হয়।

গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে দশম জাতীয় সংসদ। দুই যুগেরও বেশি সময় পরে এবারই প্রথম অন্যতম রাজনৈতিক দল বিএনপির কোনো প্রতিনিধিত্ব নেই সংসদে।