২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর মামলার বাদী ও সাক্ষীর স্ত্রীকে অর্থ সহায়তা

মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ও সাক্ষীর পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ সহায়তা দেয়া হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 05:16 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

পিরোজপুরে রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার সদস্য ও সাবেক আইজিপি এম সানাউল হক এ সহায়তার চেক হস্তান্তর করেন।

এর আগে তার নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল জিয়ানগর উপজেলার রাজলক্ষ্মী হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মানবতা বিরোধী অপরাধে সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের বাদী ও সাক্ষীদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে এম সানাউল হক এ মামলার বাদী ও সাক্ষীদের সত্য ও ন্যায়নিষ্ঠার সঙ্গে সাক্ষ্য দেওয়ায় ধন্যবাদ জানান।

এ সময় তিনি তাদের বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধ মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা বিধানে যাবতীয় ব্যবস্থা করেছেন।

বৈঠক শেষে সানাউল হক ওই মামলার বাদী মাহাবুবুল আলমকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া সহায়তার দুই লাখ টাকা এবং সাক্ষী নিহত মোস্তফা হাওলাদারের স্ত্রী হাসিনা বেগমকে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ড উপস্থিত ছিলেন।

নিজ বাড়িতে হামলার শিকার হয়ে আহত হওয়ার পর গত ১০ ডিসেম্বর প্রসিকিউশনের সাক্ষী মোস্তফা হাওলাদারের মৃত্যু হয়। জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন তিনি।