ঝালকাঠীতে পরিত্যক্ত হিন্দু বাড়িতে অগ্নিকাণ্ড
ঝালকাঠীর কাঠালিয়া উপজেলায় পরিত্যক্ত হিন্দু বাড়িতে অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে গেছে।
শনিবার রাতের কোনো এক সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কাঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, উপজেলার চেছঁরীরামপুর ইউনিয়নের কৈখালী রাজার সংলগ্ন আঁখরা বাড়ির মদনমোহন সেবাশ্রম মন্দিরের পাশে ঘরটি দীর্ঘ ৫/৬ বছর ধরে পরিত্যক্ত ছিল।
“রাতে স্থানীয় বখাটেরা ওই ঘরে বসে তাস খেলা বা আড্ডাকালে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
আগুনে ঘরটির কিছু অংশ পুড়ে গেছে, তবে মন্দিরের কোনো ক্ষতি হয়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন জানান, ব্রিটিশ শাসনামলে প্রায় সাত বিঘা জমিসহ মন্দির ও বাড়িটি রেখে মালিক ভারতে চলে যান । তারপর থেকে মাঝেমধ্যে ওই বাড়িতে সাধু-সন্ন্যাসীরা অস্থায়ীভাবে বসবাস করতেন। কিন্তু মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ছিল।
সর্বশেষ ৫ মাস আগে রাধারমন নামের এক সন্ন্যাসী ওই বাড়ি ছেড়ে চলে গেলে মন্দির ও বাড়িটি পুরোপুরি ছাড়া বাড়িতে পরিণত হয়।
“এরপর থেকেই সেখানে বখাটেদের তাসের আড্ডা চলে । ওই আড্ডা থেকে অসাবধানতায় এ অগ্নিকাণ্ড ঘটতে পারে,” বলেন তিনি।
