সাংসদকে লাঞ্ছনার ঘটনায় আরো ৫৪ জনকে আটক
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় সাংসদকে লাঞ্ছিত করা ও তার ওপর হামলার ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে আরো ৫৪ জনকে আটক করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান কবির বলেন, শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে ৫৪ জনকে আটক করা হয়েছে। তাদের বেশিরভাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। সাংসদের ওপর হামলায় জড়িতদের বের করতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
শুক্রবার রাতে উপজেলার চুনতি ইউনিয়নে শাহ সাহেব কেবলা (র.) এর ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিলের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী।
এসময় তার ওপর হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা।
এ ঘটনায় শনিবার অন্তত ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন হাজার জনকে আসামি করে একটি মামলা করে পুলিশ।
মামলায় হত্যা চেষ্টা ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়।
এর আগে এ ঘটনায় শুক্রবার রাতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২২ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
