২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরবাসীকে সঙ্গে নিয়ে এগোতে চায় ডিএমপি

নগরবাসীকে সঙ্গে নিয়ে কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জানিয়ে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 12:46 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “নগরবাসীর প্রত্যাশা সম্পর্কে পুলিশ অবগত। প্রতিষ্ঠার পর থেকেই আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও এভাবেই সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই। সামনের দিকে এগিয়ে যেতে চাই।”

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

মহানগর পুলিশ কমিশনার বলেন,  ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই পুলিশ নগরবাসীর সেবায় নিয়োজিত রয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিএমপি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নগরবাসীকে সেবা দিচ্ছে।

তিনি জানান, গত এক বছরে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় ২১ হাজার ৪০০ মামলা হয়েছে। এরইমধ্যে চার হাজার মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে।

এই এক বছরে অভিযান চালিয়ে ২৪টি পিস্তল, পাঁচটি শ্যুটারগান এবং তিন কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া ২৬ কেজি হেরোইন ও ১৪৩ কেজি গাজাও উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  উপস্থতি থাকলেও কোনো বক্তব্য দেননি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমদ এবং পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এই  অনুষ্ঠানে অভিনেতা, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিশিষ্টজনরা উপস্থিত হন।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন্সের মাঠে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে পুলিশের কার্যক্রমও তুলে ধরা হয়।