২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় মশার উপদ্রবে মুসল্লিরা

মশার কামড়ে ঘুমাতে পারছেন না বলে অভিযোগ করেছেন ইজতেমায় অংশ নেয়া অনেক মুসল্লি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 02:02 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হয়েছে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলনের এই বছরের দ্বিতীয় পর্ব, যা রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

হাজার হাজার মুসল্লি এরই মধ্যে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন, যা আখেরি মোনাজাতের সময় লাখ ছাড়িয়ে যাবে।

নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে ইজতেমায় অংশ নেয়া আব্দুল মান্নান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মশার কারণে ঘুমাত বেশ অসুবিধা হচ্ছে।”

৪৫ বছর বয়সী মান্নান এক নম্বর খিত্তায় রয়েছেন, সেখানে আছেন ৭০ জন মুসুল্লি।তাদের মধ্যে কুমিল্লা  থেকে আসা আব্দুর রহমান (৩৫), মোবারক হোসেন (৫৫)ও মশার উপদ্রব নিয়ে অভিযোগ করেন।

তুরাগ তীরে ইজতেমা মাঠে জুমার নামাজে লাখো মুসল্লি। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তুরাগ তীরে ইজতেমা মাঠে জুমার নামাজে লাখো মুসল্লি

তুরাগ তীরে ইজতেমা মাঠে জুমার নামাজে লাখো মুসল্লি। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী কর্মকর্তা মো. কবির আল আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনই ফগিং মেশিন দিয়ে মশানাশক ওষুধ দেয়া হচ্ছে।

তবে এক নম্বর খিত্তার মুসল্লিরা অভিযোগ করেছেন, তাদের এলাকায় একবারও ওষুধ দেয়া হয়নি।

সিটি কর্পোরেশন কর্মকর্তা আল আসাদ জানিয়েছেন, তাদের কোনো ‘ফগার’ নেই। ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর)থেকে ১০টি ধার করছেন তারা।

“প্রতিদিন সকালে মেশিনগুলো আনা হয়, মশার ওষুধ প্রয়োগ করে সন্ধ্যায় আবার ফিরিয়ে দেয়া হয়।”