রোকেয়ার ভর্তি পরীক্ষা চলাকালে আটক ৫
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে উত্তর সংগ্রহের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার তিনটি পরীক্ষার হল থেকে তাদের আটক করে পুলিশে দেয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আটকরা হলেন- রিফাত হোসেন, ইমতিয়াজ আলী, আব্দুল হাকিম, শিপন খান ও তারিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বিকালে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ই’ ইউনিটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ থেকে রিফাতকে আটক করেন সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান প্রধান।
একই সময়ে বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ইমতিয়াজ, হাকিম ও শিপনকে আটক করেন কেন্দ্র পরিদর্শক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের বিভাগীয় প্রধান আমীর শরীফ।
এছাড়া সকালে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষা চলাকালে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্রে তারিকুল ইসলামকে হাতেনাতে আটক করেন কেন্দ্র পরিদর্শক ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ।
এসব ঘটনায় কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট কেন্দ্র পরিদর্শকরা মামলা করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ময়নুল আজাদ।
