‘নীরব’ ছিলেন খালেদা
প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা শুনেও খালেদা জিয়া নীরব ছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে।
নিজামী-বাবরসহ ১৪ জনের ফাঁসি
দশ ট্রাক: সেই রাতের কথা
২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে অস্ত্র আটকের চাঞ্চল্যকর ঘটনায় বৃহস্পতিবার রায় হয়, যাতে তখনকার শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের দেয়া রায়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদার আচরণও উঠে আসে।
বিচারক বলেন, সাদিক হাসান রুমি ছিলেন ডিজিএফআইয়ের মহাপরিচালক। তিনি সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে ছিলেন।
“সাদিক হাসান অস্ত্র আটকের বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রীকে জানালে তিনি নিরবতা পালন করেন। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পরে তদন্ত কমিটি করা হবে বলে জানান।”
পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেন। এর সদস্য ডিজিএফআইয়ের পরিচালক (রেজ্জাকুল হায়দার চৌধুরী) পরে আসামি হন।
বিচারক বলেন, কমিটির পাঁচ জনের মধ্যে তৎকালীন সচিব ওমর ফারুক, শামসুল ইসলামসহ তিনজন সাক্ষ্য দিয়েছেন।
“আসামিদের অনেকে প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এরা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সরকারে ছিলেন। ঘটনা দেখেছেন-জেনেছেন।”
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটি ঘাটে ওই অস্ত্রের ওই চালান আটক হয়েছিল, যা শিল্প মন্ত্রণালয়ের অধীন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বাবর এই ঘটনার তদন্তে প্রভাব খাটান বলে প্রমাণিত হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির নিজামী এবং প্রতিমন্ত্রী বাবর আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।
বিচারক বলেন, “আমার বিবেচনায় যারা দোষী তাদের বিরুদ্ধে নমনীয় মনোভাব দেখানোর সুযোগ নেই। তাই সর্বোচ্চ শাস্তিই দিলাম।”
রায়ে বলা হয়, নিজামী সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন তারই সচিব শোয়েব আহমদ ও উনার অধীনে থাকা বিসিআইসির প্রধান মেজর জেনারেল ইমামুজ্জামান।
“তারই অধীনস্থ সংস্থার লোকজন যা বলেছেন তা রায়ে এসেছে।’’
বাবর সম্পর্কে বিচারক বলেন, “তার নির্দেশে ঘটনাস্থল থেকে আটক পাঁচ জনকে ছেড়ে দেয়া হয়। তিনি চট্টগ্রাম এসে অস্ত্র পরিদর্শন করেন, সভা করেন, মিডিয়ার কাছে কর্মকর্তাদের মুখ না খুলতে বলেন।”
বাবর ও নিজামী এই মামলাকে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বলে দাবি করে আসছেন। তা নাকচ করে বিচারক বলেন, “সাক্ষীদের মধ্যে তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের কাউকে পাইনি। সাক্ষীরা সবাই সামরিক- বেসামরিক কর্মকর্তা। তাদের (আসামি) এ যুক্তি গ্রহণযোগ্য মনে হয়নি।”
পরেশ বড়ুয়ার সঙ্গে গোয়েন্দাদের সম্পর্ক
বাংলাদেশের ইতিহাসে অস্ত্রের এত বড় চালান আটক আগে কখনো হয়নি, যা বিচারকের রায়েও উঠে এসেছে।
বিচারকে মজিবুর রহমান বলেন, এসব অস্ত্র দিয়ে ছোটখাট একটা ক্যান্টনমেন্ট করা যেত।
প্রমাণিত হয়েছে যে এই অস্ত্র ভারতের বিদ্রোহী সংগঠন উলফার কাছে যাচ্ছিল, আর তা হচ্ছিল সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোচরেই।
মৃত্যুদণ্ডে দণ্ডিত ১৪ জনের মধ্যে উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়াও রয়েছেন। তবে তিনি পলাতক, আর তার আস্তানার খবর এখন অজানা।
গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উলফা নেতার ঘনিষ্ঠতার কথাও উঠে আসে রায়ে।
বিচারক বলেন, এনএসআই ও ডিজিএফআই দুটি সংস্থা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি মামলার সাক্ষ্য প্রমাণ বিচার-বিশ্লেষণ করে দেখা গেছে, এ দুই সংস্থার গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা আসামি।’
“সাক্ষ্য প্রমাণ এবং তারা (গোয়েন্দারা) জবানবন্দিতে একে অন্যকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে পরিষ্কার উলফা নেতা পরেশ বড়ুয়ার সঙ্গে তাদের গভীর সম্পর্ক ছিল।”
মৃত্যুদণ্ডে দণ্ডিত ১৪ জনের মধ্যে রয়েছেন এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী (ঘটনার সময় ডিজিএফআইয়ে ছিলেন), মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুর রহীম, সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিন আহাম্মদ, সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান।
বিচারক বলেন, “এনএসআইয়ের মত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের মহাপরিচালক (আব্দুর রহিম) পরেশ বড়ুয়ার সঙ্গে সস্ত্রীক বিমানে দুবাই বেড়াতে যান। পরেশ বড়ুয়া ও অনুপ চেটিয়ার সাথে গোয়েন্দাদের মিটিং হত।
“মেজর (অব.) লিয়াকত অপারেশন ক্লিনহার্টের সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এদেশে থাকা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে তিনি সম্পর্ক রাখতেন। ঘটনার রাতে নিজেকে আবুল হোসেন পরিচয় দিয়ে তিনি পুলিশকে হুমকি দেন।”
“গায়ের জোরে কিছুই বলছি না, সাক্ষ্য প্রমাণে এসব এসেছে,” বলেন বিচারক।
আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তার মধ্যে দুপুর ১২টা ১৭ মিনিটে রায় দিতে এজলাসে আসেন মজিবুর রহমান, ২১ মিনিটের মধ্যে রায় পড়া শেষ করে চলে যান তিনি।
ঘটনার ১০ বছর পর দেয়া রায়ের সময় বিচারক বলেন, “অনেক কষ্ট করা হয়েছে। এখানে দুটি মামলা। একটি অস্ত্র আইনের ১৯- এ, ১৯- এফ ও ১৯- সি ধারায় এবং অন্যটি বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি ও ২৫- ডি ধারায়। প্রতি সাক্ষীর সাক্ষ্য দুইবার করে লিখতে হয়েছে।”
বিশেষ ক্ষমতা আইনে ১৪ জনের মৃত্যুদণ্ড হয়েছে। অস্ত্র মামলায় হয়েছে যাবজ্জীবন।
১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় বলা হয়েছে, কর ফাঁকি দিয়ে যদি কোনো ব্যক্তি চোরাচালান করে, তবে তাকে মৃতুদণ্ডে দণ্ডিত করা যাবে।
২৫-ডি ধারায় বলা হয়েছে, “যদি কেউ এ কাজ করার উদ্যোগ নেয়, এ কাজে সহযোগিতা করে, ষড়যন্ত্র ও যোগসাজশে লিপ্ত হয়, প্ররোচনা দেয় অথবা কাজের প্রস্তুতি নেয়, তবে সেও ওই শাস্তি পাবে।”
রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের উত্তেজনা প্রশমনে বিচারক উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকার বিষয়টি তুলে ধরেন।
“আসামিদের কারো প্রতি নমনীয় মনোভাব পোষণের যুক্তি নেই। সাধারণ অস্ত্র মামলার মতো বিবেচনারও সুযোগ নেই। তাই দোষী সাব্যস্ত করে রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি দিই,” বলেন মজিবুর রহমান।
