২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের ১৬ কোটি টাকা চুরির মামলায় দুই সহোদর রিমান্ডে

সুড়ঙ্গ খুঁড়ে কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের সাড়ে ১৬ কোটি টাকা চুরির মামলায় দুই সহোদর ইউসুফ মুন্সী ওরফে সোহেল রানা ও ইদ্রিস মুন্সীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 06:06 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দুই ভাইকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক।

বিচারক হামিদুল ইসলাম সাতদিন করে রিমান্ড মঞ্জুর করে।

এর আগে বুধবার রাতে সোহেল রানা ওরফে হাবিব ওরফে ইউসুফ মুন্সী ও ইদ্রিস মুন্সীকে ঢাকা থেকে কিশোরগঞ্জ নেয়া হয়।

গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের প্রধান শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ভল্ট  থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি হয়।

ভল্ট থেকে টাকার চুরির দুইদিন পর ঢাকার শ্যামপুর থেকে বস্তাভর্তি টাকাসহ ইউসুফ ও ইদ্রিসকে আটক করে র‌্যাব।

তবে এই ঘটনায় গ্রেপ্তার আরেক আসামি সোনালী ব্যাংক, কিশোরগঞ্জ শাখার পিয়ন আবু বাক্কারের রিমান্ড আবেদন শুনানি হবে রোববার।

এছাড়া চুরির পর আটক ব্যাংকের ব্যবস্থাপক হুমায়ুর কবীর ভুঞাসহ ১২ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১১ জনকে বুধবার সন্ধ্যায় ছেড়ে দেয় পুলিশ।