২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ে তদন্তের প্রতিফলন এসেছে: তদন্ত কর্মকর্তা

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এর সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 05:18 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

রায় ঘোষণার পর বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ মামলার তদন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে করতে পেরেছি, যার প্রতিফলন এ রায়ে এসেছে।”

আলোচিত এ ঘটনায় করা অস্ত্র ও চোরাচালান মামলা দুটির পঞ্চম তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান আদালতের আদেশে  অধিকতর তদন্তের দায়িত্ব নেন ২০০৯ সালের ৪ ফেব্রুয়ারি।

প্রায় আড়াই বছর তদন্ত শেষে ২০১১ সালের ২৬ জুন আসামির তালিকায় নতুন করে ১১ জনের নাম যুক্ত তিনি আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেন।

এই ১১ আসামি হলেন- জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপিনেতা লুৎফুজ্জামান বাবর, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন, উলফা নেতা পরেশ বড়ুয়া, এনএসআইর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন আহাম্মদ, সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন,  তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদারের নাম আসে।

রায়ে তাদের সবারই ফাঁসির আদেশ হয়েছে।

অভিযোগপত্র দেয়ার ক্ষেত্রে কোনো ধরনের চাপ ছিল না বলে তদন্তের সময় সাংবাদিকদের বলেছিলেন মনিরুজ্জামান।

পরে তিনি বাবর, নিজামী, এনএসআই ও সিইউএফএল কর্মকর্তাসহ অন্যদের গ্রেপ্তারও করেন।

তার আগের চার তদন্ত কর্মকর্তা সিইউএফএল ঘাট ও ট্রাক শ্রমিক, চোরাকারবারিসহ স্থানীয় লোকজনকে আসামি করে প্রতিবেদন দিয়েছিলেন। মনিরুজ্জামানের সম্পূরক অভিযোগপত্রে আগের আসামিদের নামও রাখা হয়।

তাদের মধ্যেও তিনজনকে চোরাচালান মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।