রাজধানীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ২
রাজধানীর ধানমন্ডি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, আগের দিন দুপুরের দিকে ধানমণ্ডির শংকর বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. মজনুর রহমান (৪০) ও মো. বিল্লাল বিশ্বাস (৫০) আটক করা হয়।
পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পশ্চিম ধানমন্ডির ৫৬ নম্বর বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল, ২১৫ রাউন্ড গুলি ও আট হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনই মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান যুগ্ম কমিশনার।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে অস্ত্রের বিনিময়ে পাবনায় তা সরবরাহ করতো,” বলেন গোয়েন্দা কর্মকর্তা মনিরুল।
তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।
